Budget 2025 Insurance: বিমায় ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ! প্রিমিয়ামে মিলবে স্বস্তি? বাজেটে বড় ঘোষণা
Budget 2025 Insurance: স্বাস্থ্যে কার্পণ্য না করেই বাজেটে একাধিক ঘোষণা করেছেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। ক্যানসার-সহ ৩৬টি জীবনদায়ী ওষুধে শুল্ক প্রত্যাহারের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর এবার বিমার খাতেও বড় ঘোষণা করলেন তিনি।
২০২৫-২৬ অর্থবর্ষে বাজেটে বিমা খাতে (Health Insurance) সরাসরি বিদেশি বিনিয়োগ ৭৪ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার ঘোষণা করেছেন তিনি। নির্মলা বলেন, যে সমস্ত বিমা কোম্পানি তাদের সম্পূর্ণ প্রিমিয়াম (Premium) ভারতে লগ্নি করবেন তাদের ক্ষেত্রে বর্ধিত এফডিআইয়ের নিয়ম প্রযোজ্য হবে।

বর্তমানে বিদেশি বিনিয়োগের (Foreign Direct Investment) ক্ষেত্রে যেসমস্ত জটিলতা রয়েছে, তা সরিয়ে গোটা প্রক্রিয়া আরও সরল করা হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গত নভেম্বরেই বিমাক্ষেত্রে বেশকিছু বদলের আভাস দিয়েছিল কেন্দ্র।
১৯৩৮ সালের বিমা আইন, ১৯৫৬ সালের জীবন বিমা কর্পোরেশন অ্যাক্ট ও ১৯৯৯ সালের আইআরডিএ অ্যাক্ট সংশোধনের পক্ষে সুপারিশ চেয়েছিল কেন্দ্র। উল্লেখ্য, ভারতের নাগরিকদের একটি বৃহৎ অংশ এখনও বিমার আওতায় নেই।
বহু সম্পত্তির ক্ষেত্রেও এখনও বিমা করা নেই। যার জেরে পাবলিক ফিনান্সে বড়সড় ঝুঁকি রয়েছে। ২০৪৭ সালের মধ্যে ভারতের বিমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI 'সকলের জন্য বিমা'-র লক্ষ্যমাত্রা নিয়েছে। বাজেটে এফডিআই ১০০ শতাংশ করায় তারই পথ আরও সুগম হল বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রের মতে ভারতে আর্থিক পরিষেবা আরও উন্নত করতে প্রত্যক্ষ বা সরাসরি বিদেশি বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞদের মতে, এফডিআই বাড়িয়ে ১০০ শতাংশ করে দেওয়ায় ভারতে বিমা সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতাও বাড়বে। যে সংস্থা যত বেশি বিদেশি বিনিয়োগ টানতে পারবে, তার উপর নির্ভর করবে প্রিমিয়াম ও রিটার্নের হার। বিদেশি বিনিয়োগ আসার ফলে মেডিক্লেমও আরও সহজ হতে পারে।
যদিও বাজেটে ঘোষণা হলেও বিমা সংশোধনী বিল সংস্কারের পরই ১০০ শতাংশ এফডিআইয়ের নিয়ম কার্যকর হবে। প্রসঙ্গত, স্বাস্থ্যক্ষেত্রেও দরাজ থেকেছেন নির্মলা সীতারামন। দেশের প্রত্যেক সরকারি হাসপাতালে ডে-কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপনের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। বাজেট অধিবেশনে নির্মলা সীতারামন বলেন, ক্যান্সারের চিকিৎসা উন্নততর করতে আগামী ৩ বছরের মধ্যে সমস্ত জেলা হাসপাতালে ডে-কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপন করা হবে।












Click it and Unblock the Notifications