সাত মাস পর সুদের হারে ব্রেক, রেপো রেট ৫.২৫ শতাংশেই অপরিবর্তিত রাখল আরবিআই
টানা কয়েক দফা সুদ কমানোর পর অবশেষে থামল রিজার্ভ ব্যাঙ্কের কড়ি নাড়া। শুক্রবার অনুষ্ঠিত মুদ্রানীতি বৈঠকে রেপো রেট ৫.২৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। একই সঙ্গে বজায় রাখা হয়েছে 'নিরপেক্ষ' নীতিগত অবস্থান।
মুদ্রানীতি কমিটির (এমপিসি) বৈঠক শেষে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, ছ'জন সদস্যই সর্বসম্মতিক্রমে সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দিয়েছেন। মূল্যবৃদ্ধির গতিপ্রকৃতি এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখযোগ্যভাবে, চলতি ২০২৫-২৬ অর্থবর্ষে এখনও পর্যন্ত মোট ১২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে আরবিআই। ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে ২৫ বেসিস পয়েন্ট করে, জুনে এক ধাপে ৫০ বেসিস পয়েন্ট ও ডিসেম্বরে আরও ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানো হয়। তবে আগস্ট ও অক্টোবরের নীতিগত বৈঠকেই সুদ কমানোর ওপর ব্রেক টানে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
গভর্নর মালহোত্রা আরও জানান, গত কয়েক মাস ধরে আর্থিক ব্যবস্থায় পর্যাপ্ত তারল্য বজায় রাখতে ভ্যারিয়েবল রেট রেপো (ভিআরআর) ও ওপেন মার্কেট অপারেশন (ওএমও) এর মাধ্যমে সক্রিয় ভূমিকা নিয়েছে আরবিআই।
বাজার বিশেষজ্ঞদের বড় অংশই এই সিদ্ধান্তের পূর্বাভাস দিয়েছিলেন। গুডরিটার্নস এর সমীক্ষায় অংশ নেওয়া ৩০ জন অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকের মধ্যে ২০ জন রেপো রেট অপরিবর্তিত থাকার সম্ভাবনার কথা জানান। যদিও ১০ জন বিশেষজ্ঞ আরও এক দফা ২৫ বেসিস পয়েন্ট সুদ কমার সম্ভাবনা দেখেছিলেন।
মূল্যবৃদ্ধির পূর্বাভাসে আরবিআই জানিয়েছে, ২০২৬ অর্থবর্ষে গড় সিপিআই মূল্যস্ফীতি থাকতে পারে মাত্র ২.১ শতাংশ। তবে পরবর্তী অর্থবর্ষে ধীরে ধীরে বাড়তে পারে মূল্যবৃদ্ধি ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৪ শতাংশ ও দ্বিতীয় ত্রৈমাসিকে ৪.২ শতাংশে পৌঁছতে পারে সিপিআই। চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৩.২ শতাংশ।
অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রেও আশাবাদী কেন্দ্রীয় ব্যাঙ্ক। আরবিআই তাদের পূর্বাভাসে ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ৬.৯ শতাংশ এবং দ্বিতীয় ত্রৈমাসিকে ৭ শতাংশে উন্নীত করেছে। গভর্নরের কথায়, শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা ও উন্নত আর্থিক ভিত্তির জোরে দেশের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার ৭.৪ শতাংশে পৌঁছতে পারে।
এসবিআই মিউচুয়াল ফান্ডের ফিক্সড ইনকাম বিভাগের সিআইও রাজীব রাধাকৃষ্ণনের মতে, "নীতিগত হার ও তারল্য ব্যবস্থাপনায় আরবিআই ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে। আগামী দিনে প্রয়োজন অনুযায়ী তারল্য নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাঙ্ক আরও সক্রিয় থাকবে। ফলে কিছু সময়ের জন্য বাজারে অতিরিক্ত তারল্য থাকলেও, নীতিগত সুদের হারের সঙ্গে রাতারাতি সুদের হার আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ হবে।"
সব মিলিয়ে, আপাতত সুদের হারে স্থিতাবস্থা বজায় রেখে মূল্যবৃদ্ধি ও বৃদ্ধির ভারসাম্য রক্ষার দিকেই হাঁটছে রিজার্ভ ব্যাঙ্ক এমনটাই মত বিশেষজ্ঞ মহলের।












Click it and Unblock the Notifications