7th Pay Commission: মোদী সরকার সময়ের আগেই DA বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে! মহার্ঘ ভাতা বেড়ে হবে ৫০%
7th Pay Commission: কেন্দ্রীয় সরকার সাধারণ ভাবে জানুয়ারি থেকে জুনের মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা করে থাকে মার্চে আর জুলাই থেকে ডিসেম্বরের মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা করে থাকে সেপ্টেম্বর-অক্টোবরে। কিন্তু এবার জানুয়ারি থেকে জুনের মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা সময়ের আগেই করতে পারে মোদী সরকার।
২০২৪ সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে লোকসভা নির্বাচন। সেই কারণে ২০২৪-এর প্রথম মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা মার্চে নয়, তার আগেই হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ মার্চের আগেই ভোট ঘোষণা হয়ে যাবে এবং আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাবে। আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেলে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করতে পারবে না মোদী সরকার।

একটু পিছিয়ে গেলে দেখা যাবে, মোদী সরকার ২০২২-এর ৩০ মার্চ এবং ২০২৩ সালে ২৪ মার্চ মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। তবে ২০২৪-এর ক্ষেত্রে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তা হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এখন প্রশ্ন হচ্ছে মহার্ঘভাতা কতটা বাড়তে পারে। শিল্প শ্রমিকদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অক্টোবরে ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মহার্ঘভাতা বাড়ানোর ক্ষেত্রে শিল্প শ্রমিকদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন সেই পরিস্থিতিতে ২০২৪-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের মহার্ঘভাতা চার শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে।
এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা আর অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য মহার্ঘ ত্রাণ ৪৬ শতাংশ। সেই সঙ্গে চার শতাংশ যুক্ত হলে ৫০ শতাংশ হতে পারে।
সাধারণভাবে মহার্ঘভাতা ৫০ শতাংশে পৌঁছনোর পরে তা মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং মহার্ঘভাতা শূন্য হয়ে যায়। তারপরে নতুন করে মহার্ঘভাতা বৃদ্ধি পায়। তবে সপ্তম বেতন কমিশন মহার্ঘভাতা ৫০ শতাংশ হওয়ার পরে তা মূল বেতনের সঙ্গে যুক্ত করার সুপারিশ করেনি। আবার মহার্ঘভাতা ৫০ শতাংশ হওয়ার পরে সরকার অষ্টম বেতন কমিশন গঠন করা নিয়েও কোনও কথা এখনও বলেনি।












Click it and Unblock the Notifications