2000 নোট: একবারে কত নোট পাল্টানো যাবে ব্যাঙ্ক থেকে, জেনে নিন গাইডলাইন
২০০০ টাকার নোট আর ইস্যু করা যাবে না। সমস্ত ব্যাঙ্কগুলিকে এমনই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এছাড়াও বাজারের যত ২০০০ টাকার নোট রয়েছে, সেগুলিকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে গিয়ে পাল্টে নিতে হবে।
ব্যাঙ্কের সাধারণ কাজকর্মেও যাতে অসুবিধা না হয় এবং একইসঙ্গে জনগণের যাতে অসুবিধা না হয়, সেজন্য যে কোনও ব্যাঙ্কে যে কোনও শাখায় ২০ হাজার টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট একবারে পাল্টে নেওয়া যাবে। এমনটাই জানিয়েছে আরবিআই।

অর্থাৎ চাইলে আপনি ২০ হাজার টাকা মূল্য পর্যন্ত ২০০০ টাকার নোট অর্থাৎ সর্বোচ্চ ১০ টি ২০০০ টাকার নোট একবারে ব্যাঙ্কে গিয়ে পাল্টে নিতে পারেন। তার বেশি মূল্যের নোট একলপ্তে পাল্টানো যাবে না বলে আরবিআই জানিয়েছে।
আরবিআই জানিয়েছে, আগামী ২৩ মে মঙ্গলবার থেকে দেশের যে কোনও ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে কুড়ি হাজার টাকা পর্যন্ত মূল্যের ২০০০ টাকার নোট পাল্টে নেওয়া যাবে।

এর অর্থ কি ২০০০ টাকার নোট পুরোপুরি বাতিল হয়ে গেল? আরবিআই কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। তার মানে এটা নয় যে ২০০০ টাকার নোটের আইনি বৈধতা থাকছে না। অর্থাৎ এক কথায় সার্কুলেশন বন্ধ থাকলেও আপাতত এই নোটের বৈধতা একই থাকছে।
২০১৬ সালের ৮ নভেম্বর রাতে দেশবাসীর উদ্দেশে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরনো ৫০০ টাকা ও ১ হাজার টাকার নোট বাতিল বলে ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার কয়েকদিনের মধ্যেই বাজারে চলে এসেছিল নতুন দু হাজার টাকার নোট। তবে ছয় বছরের কিছু বেশি সময় পরই ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications