তালের বড়া ছাড়া অসম্পূর্ণ জন্মাষ্টমীর ভোগ, জানেন এর আসল রহস্য কী?
তালের বড়া ছাড়া অসম্পূর্ণ জন্মাষ্টমীর ভোগ
এ বছর ৩০ অগাস্ট সোমবার শ্রীকৃষ্ণের জন্মবার জন্মাষ্টমী পালন করা হবে। দেশজুড়ে চলছে তারই প্রস্তুতি। আদরের গোপালকে নানা ভোগ দিয়ে পুজো করলে প্রসন্ন হন তিনি। আর ভক্তের সব মনোবাঞ্ছা পূরণ হয়। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণ হয়ে জন্ম নিয়েছিল মাতা দেবকীর গর্ভে ৷ ধর্মপ্রাণ হিন্দুদের ঘরে ঘরে চলছে এই দিন গোপাল পুজোর আয়োজন। দুধ-ঘি-মধুতে স্নান সেরে নতুন জামা, গয়না পরে, ফুল-চন্দন-আতরে সেজে ওঠেন গোবর্ধনধারী ৷ জন্মাষ্টমীতে শ্রী কৃষ্ণকে ৫৬ ধরনের ভোগ দেওয়ার পাশাপাশি মাখন ও মিছরি দিয়ে অবশ্যই পুজো দেবেন। তবে শ্রীকৃষ্ণের প্রিয় ভোগের মধ্যে তালের বড়া কিন্তু অন্যতম।

জন্মাষ্টমীর পুজো
জন্মাষ্টমীর পুজো শুরু হবে অষ্টমী লাগার পর ৷ এ বছর ইংরাজির ৩০ অগাস্ট পড়েছে জন্মাষ্টমী। যা শেষ হচ্ছে ৩১ অগাস্ট মঙ্গলবার সকাল ৯টা বেজে ৪৪ মিনিটে। অষ্টমী তিথি শেষ হচ্ছে সোমবার রাত ১ টা ৫৯ মিনিটে৷

মাখন–মিছরির ভোগ
শ্রীকৃষ্ণের পুজো করার সময় কয়েকটি নিয়ম অবশ্যই মানতে হবে ৷ শাস্ত্রে রয়েছে দুর্ভাগ্যকে, সৌভাগ্যে পরিণত করতে শুধু কৃষ্ণ নামই যথেষ্ট ৷ এদিন নতুন করে সাজিয়ে তুলুন কৃষ্ণ মূর্তিকে ৷ পরান নতুন পোশাক, গয়না ৷ কৃষ্ণকে ভোগ দিন মাখন, মিছরি দিয়ে ৷

লাল রঙের পোশাক পরান
এদিন শ্রীকৃষ্ণকে লাল রঙের পোশাক পরিয়ে সাজান। ১০ টি কয়েনে সিঁদুর এবং হলুদ লাগিয়ে গোপালের সামনে রাখুন ৷ ভোগের সঙ্গে তুলসি পাতা দিতে কিন্তু ভুলবেন না ৷ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন ৷ সকাল থেকে ঘরে কৃষ্ণ নাম করতে পারেন ৷

তালের বড়া প্রিয় কৃষ্ণের
এদিন নানান রকম মিষ্টান্ন ভোগের সঙ্গে তালের বড়া দিতে ভুলবেন না। তালের বড়া খুবই প্রিয় গোপালের। আসলে ভাদ্র মাসে কৃষ্ণের জন্ম ৷ এ সময় তাল গাছে বড় বড় কালো পাকা তাল হয়ে থাকে ৷ তাই কৃষ্ণেরও পছন্দ তালের বড়, তাল ক্ষীর, তালের লুচি ৷

তালের বড়ার মাহাত্ম্য পুরাণেও
পুরাণ মতে, বাসুবেদ কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষ্যে নন্দ উৎসবেই প্রথম খাওয়ানো হয়েছিল তালের বড়া। তাই এই বড়া খুবই প্রিয় কৃষ্ণের।

তালের বড়া বানানোর পদ্ধতি
যা যা লাগছে
তাল- ১ থেকে ২ টি
ময়দা- ১ কাপ
সুজি- ১ কাপ
নারকেল কোরা
চিনি- ১ কাপ
কলা- ২ টো ( ইচ্ছেমতো)
নুন- ১/৪ চামচ

যেভাবে বানাবেন
তাল ছাড়িয়ে তালের মাড় বের করে রাখতে হবে। এবার একটা বড় ছাকনি নিয়ে মাড় ছেঁকে নিন। ওর মধ্যে ময়দা, সুজি, নারকেল কোরা, চিনি দিয়ে খুব ভালো করে মেখে রাখতে হবে। অন্তত ২ ঘন্টা রাখতেই হবে। যতবেশি সময় মেখে রাখতে পারবেন ততই ভালো। কড়াইতে সাদা তেল গরম করুন। তেল গরম হলে মিশ্রণ আরও একবার ফেটিয়ে বড়ার আকারে তেলে ছেড়ে লাল করে ভেজে নিলেই তৈরি তালের ফুলুরি।












Click it and Unblock the Notifications