বাড়িতে বা দোকানে লেবু–লঙ্কা ঝোলানো হয় কেন? জানুন এর প্রকৃত কারণ
অনেক সময়ই দেখা যায় লোকেরা নিজেদের দোকানে বা কাজের জায়গায় লেবু-লঙ্কা ঝুলিয়ে রাখেন। বিশেষ করে কোনও নতুন জিনিস শুরু করার সময় লেবুর সঙ্গে পাঁচ বা সাতটি লঙ্কা বেঁধে ঝুলিয়ে দেওয়া শুভ বলে মনে করা হয়। এরকম মনে করা হয় যে এতে বাড়ি বা ব্যবসায় কোনও খারাপ নজর পরে না। তন্ত্র-মন্ত্র ও টোটকায় এর বিশেষ প্রয়োগ করা হয়ে থাকে। তবে অনেকেই এই টোটকাকে অন্ধবিশ্বাস বলে মনে করেন। জ্যোতিষে লেবু-লঙ্কার এই টোটকাকে খুব শক্তিশালী বলে মনে করা হয়। কথিত আছে যে লেবুর টক ভাব ও লঙ্কার ঝাল মানুষকে খারাপ নজর থেকে বাঁচায়।

দোকানে কেন ঝোলায় লেবু–লঙ্কা
লেবুর ব্যবহার মানুষকে খারাপ নজর থেকে বাঁচার জন্য করা হয়ে থাকে। স্বাদে লেবু টক ও লঙ্কা ঝাল হয়। এই দুইয়ের গুণ ব্যক্তির একাগ্রতা ও মনোযোগ ভাঙার কারিগর হিসাবে বিবেচিত হয়। মনে করা হয় যে কারোর ঘর বা দোকানে কোনও ব্যক্তি যদি একাগ্রতা নিয়ে সেইদিকে তাকিয়ে থাকেন তাহলে ওই জিনিসের ওপর খারাপ নজর পড়ে যায়। লেবু-লঙ্কা টাঙিয়ে রাখলে ব্যক্তির মনোযোগ ওইদিকে চলে যায় এবং তার একাগ্রতা নষ্ট হয়। আর এই কারণেই বেশিরভাগ মানুষ নিজের বাড়ি বা দোকানে লেবু-লঙ্কা ঝুলিয়ে রাখে। অন্যদিকে বাস্তু অনুসারে লেবু ও লঙ্কার কীটনাশক গুণ রয়েছে এবং এটা দরজায় ঝুলিয়ে রাখলে বাতাবরণ শুদ্ধ থাকে। এটি নেতিবাচক শক্তিকে ভেতরে ঢুকতে দেয় না।

লেবু–লঙ্কার বৈজ্ঞানিক কারণ
কথিত আছে কেউ যখন লঙ্কা এবং লেবুর মতো জিনিসগুলি দেখে, তখন সে তার মনের মধ্যে এর স্বাদ অনুভব করতে শুরু করে। এই কারণে সে বেশিক্ষণ লঙ্কা-লেবু দেখতে না পেরে সেখান থেকে দ্রুত মনোযোগ সরিয়ে নেয়। দরজায় লেবু-লঙ্কা ঝুলিয়ে রাখার বৈজ্ঞানিক কারণও রয়েছে। কথিত আছে লেবুর টক এবং লঙ্কার তীক্ষ্ণ ঝাল খুব তীব্র গন্ধ তৈরি করে এবং এটি দরজায় লাগালে ঘরের ভিতরে মাছি ও মশা আসে না।

লেবু-লঙ্কা ঝোলানোর সঠিক নিয়ম
লেবু-লঙ্কা ঝোলানোর সময় এই বগলামুখী মন্ত্র প্রয়োগ করতে হবে।
-ওঁ হ্রিং বগলামুখী স্বাহা
অথবা
-ওঁ হ্লীং বগলা মুখী স্বাহা
এর জন্য ৭টি লঙ্কা, ৩টি পাতিলেবু, হলুদ সুতো ও কিছুটা গুঁড়ো হলুদ নিতে হবে। প্রথমে একটি লঙ্কা বগলামুখী মন্ত্র উচ্চারণ সহকারে হলুদ সুতো দিয়ে বেঁধে নিন। তারপর একটি পাতিলেবু ও তিনটি লঙ্কা, আবার একটি পাতিলেবু ও তিনটি লঙ্কা ও সবশেষে আর একটি পাতিলেবু মন্ত্র উচ্চারণ করে সুতোর মধ্যে প্রবেশ করান এবং সেই লেবু-লঙ্কার ওপরে একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে সদর দরজায় ঝুলিয়ে দিন। এটি ঝোলানোর সময় তিন বার মন্ত্র উচ্চারণ করতে হবে।

বাস্তু মতে
বাস্তুশাস্ত্র মতেও দরজার মুখে লেবু-লঙ্কা ঝুলিয়ে রাখা ভালো। এতে ঘরের বাসিন্দাদের মঙ্গল হয়। বাড়ির ভেতর কোনওভাবে অশুভ শক্তি অথবা নেতিবাচকতা ঢুকতে পারে না। তবে সাতদিন অন্তর এই লেবু-লঙ্কা বদলে নতুন লেবু-লঙ্কা লাগাতে হয়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications