ভাইকে ফোঁটা দেওয়ার শুভ সময় কখন? কোন কোন নিয়ম মানলে ভাইয়ের মঙ্গল হবে? জানুন সবটা
বাঙালির বারো মাসে তের পার্বণ। দুর্গাপুজো শেষ হতেই শুরু হয়ে যায় লক্ষ্মী ও কালীপুজো। আর কালীপুজোর পর জোর কদমে শুরু হয় ভাইফোঁটার প্রস্তুতি। ভাই-বোনের বন্ধনকে আরও অটুট করতে পালিত এই পবিত্র উৎসব। বোনেরা তাদের ভাই-দাদাদের কপালে চন্দন, সিঁদুর, দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ-এর মাধ্যমে তাঁদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। এরই সঙ্গে চলে উপহার বিনিময় ও খাওয়াদাওয়ার পালা।

এ বছর ভাইফোঁটার দিন পড়েছে ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার। দেশের বিভিন্ন অংশে এই উৎসব বিভিন্ন নামে পরিচিত। বাঙ্গালীদের 'ভাইফোঁটা', হিন্দিভাষীদের 'ভাইদুজ', মহারাষ্ট্রে 'ভৌ বিজ' , দক্ষিণ ভারতে 'যমদ্বিতীয়া' আবার নেপাল ও পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে এই উৎসব 'ভাইটিকা' নামে পরিচিত। চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ দিনটির দিনক্ষণ ও কী কী নিয়ম পালন করতে হবে ভাই-বোনেদের।
দিনক্ষণ ও শুভ সময়
পঞ্জিকা অনুযায়ী ভাইফোঁটার সময় শুরু হচ্ছে ২২ অক্টোবর, ২০২৫ তারিখে কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথিতে রাত ৮:১৬ মিনিটে এবং ২৩ অক্টোবর রাত ১০:৪৬ মিনিট পর্যন্ত চলবে। তবে জ্যোতিষশাস্ত্রের নিরিখে, ২৩ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার ভাইফোঁটা উদযাপনকে সবচেয়ে শুভ বলে মনে করা হচ্ছে। এই দিন ভাইকে ফোঁটা দেওয়ার শুভ সময় হল দুপুর ১টা ১৩ মিনিট থেকে ৩টে ২৮ মিনিট পর্যন্ত(জ্যোতিষশাস্ত্র মতে)।
কোন মন্ত্র বলবেন?
'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা'।
'যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা'
'যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হল অমর।
আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর'।
কোন কোন নিয়ম মানবেন
১. ভাইফোঁটার দিন ভাই ও বোন দু'জনেরই কালো পোশাক পরা এড়িয়ে যেতে হবে। কালো রংটি অশুভ বার্তা বহন করে।
২. ভাইফোঁটা দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক বা নতুন পোশাক পরা উচিত। কারণ, এই দিনটি খুবই শুভ। ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা যে কোনও মন্দিরে গিয়ে ভাইয়ের নামে পুজো দিন।
৩. তিলক দেওয়ার সময় অবশ্যই রুপো, সুপারি, আতপ চাল, দূর্বা ঘাস এগুলো থালায় রাখা আবশ্যিক। দিনের শেষে এই সমস্ত জিনিসগুলো অভাবী কোনও ব্যক্তিকে দান করুন।
৪. ফোঁটা দেওয়ার সময় দু'জনের মধ্যে কেউই মাটিতে বসবেন না। ভাইকে কাঠের তৈরি চৌকি বা আসনে বসতে দেবেন।
৫. ভুলেও তিন রকম মিষ্টি দেবেন না। ভাইকে পাঁচ বা সাত রকম মিষ্টি খেতে দেবেন।
৬. যমরাজের নামে প্রদীপ জ্বালাবেন। এতে ভাইয়ের জীবনে ও তার পরিবারে সুখ আসবে বলে মনে করা হয়।
৭. ফোঁটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে ভাইয়ের মুখ উত্তর বা উত্তর-পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর-পূর্ব বা পূর্ব দিকে থাকে।
৮. ভাইফোঁটা দিন উপবাস করে ফোঁটা দেবেন। ভাই বোন যাতে উপোস থেকে এই শুভ কাজটি সম্পন্ন করে।
৯. ভাইফোঁটার মন্ত্রোচ্চারণের মাধ্যমে বাম হাতের কড়ে আঙুল দিয়ে ভাইয়ের কপালে টিকা দেবেন বোনেরা।












Click it and Unblock the Notifications