পৌষ সংক্রান্তিতে বুধের বিপরীত অবস্থান, কোন কোন রাশিতে ফেলতে চলেছে অশুভ প্রভাব?
পৌষ সংক্রান্তিতে বুধের অবস্থান
হাতে আর মাত্র কটা দিন। তার পরেই আসতে চলেছে পৌষ সংক্রান্তি। বাংলায় এটি পৌষ সংক্রান্তি হিসেবে পালিত হলেও বাংলার বাইরে গোটা দেশে এটি পালিত হয় মকর সংক্রান্তি রূপে। আবার অনেক জায়গায় এইদিন 'লোহড়ি' পালন করা হয়। যেখানে বাড়ির উঠোনে কাঠ, শুকনো পাতা, খড় ইত্যাদি একত্রে রেখে তাতে আগুন জ্বালানো হয়। এবং সেই পরিবারের সব সদস্যরা উপস্থিত থেকে আগুন লাগানো কাঠের চারপাশে ঘুরে ঘুরে কীর্তন গান করেন। মনে করা হয় নতুন বছরের শুরুতে এই 'লোহড়ি' পালন করলে সব অশুভ শক্তির নাশ হয়।

পৌষ সংক্রান্তির ইতিহাস
পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন সূর্য দক্ষিণায়নের প্রদক্ষিণ শেষ করে উত্তরায়ণের পথে প্রদক্ষিণ শুরু করেন। বলা হয় এই দিনেই নাকি মহাভারত যুদ্ধের অবসান হওয়ার পর পিতামহ ভীষ্ম দেহত্যাগ করেছিলেন। আর এই দিনেই ভগবান শ্রী কৃষ্ণ যমুনায় স্নান করে কুরুক্ষেত্র যুদ্ধে মৃত সকল আত্মার শান্তি কামনা করেছিলেন। তাই এই দিন নদী বা জলাশয়ে স্নান করলে সব পাপ নাশ হয়। আবার মনে করা হয় এই দিনেই দেবতারা অমৃত পান করেছিলেন। তাই এই বিশেষ দিনেই কুম্ভ মেলা শুরু হয়ে থাকে। আবার পুরাণ মতে এই দিনেই ঋষি কপিলের আশ্রমে ভগীরথের সব পূর্ব পুরুষদের শাপ মুক্ত করে উদ্ধার করেছিলেন মা গঙ্গা। তাই এই দিন সকলে গঙ্গাসাগরে গিয়ে স্নান করে থাকেন।

পৌষ সংক্রান্তির গ্রহদশা
এই বছর, অর্থাৎ ২০২২ সালের মকর সংক্রান্তিতে গ্রহ রাজকুমার বুধ বক্রি চালে আসতে চলেছেন। তাই জ্যোতিষ মতে এই অবস্থানের ফলে প্রভাবিত হবে সব রাশির জাতক জাতিকাদের অর্থ, পেশা ও কর্মক্ষেত্রের পক্ষ। আগামী ১৪ জানুয়ারি পশ্চাদপসরণ করতে চলেছে বুধ। এই অবস্থান স্থায়ী থাকবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ ২১ দিন। এই অবস্থান কয়েকটি রাশির উপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে। এই সময়ে ক্যারিয়ার, ব্যবসা থেকে শুরু করে অনেক বিষয়ে সমস্যায় পড়তে হতে পারে এই সব রাশির জাতক জাতিকাদের।

কেন বুধের বক্র অবস্থান প্রভাব ফেলে?
বুধকে গ্রহদের রাজকুমার বলা হয়। সবুজ বর্ণের এই গ্রহ অত্যন্ত সৌম্য দর্শন। বুধ মূলত জ্ঞান, বুদ্ধি ও কণ্ঠের কারক গ্রহ। তাই বুধের এই পশ্চাত গমন সরাসরি প্রভাব ফেলে রাশিচক্রের বুদ্ধি স্থানে। বুধের বক্র স্থানের ফলে জাতক জাতিকার বুদ্ধি স্থানে সরাসরি প্রভাব ফেলে। যার জন্য এই সময় কোনও সিদ্ধান্ত নেওয়া কিংবা জ্ঞানের ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলে।

কোন কোন রাশিতে পড়বে প্রভাব?
মেষ, বৃষ, কন্যা ও বৃশ্চিক রাশিতে প্রভাব পড়বে বুধের এই বক্র অবস্থানের। বিপরীতমুখী বুধ মেষ রাশির জাতক জাতিকাদের কাজের চাপ বাড়াবে। ফলে সহকর্মীদের সঙ্গে বিবাদ হিতে পারে। এই রাশির জাতকদের দাম্পত্য জীবনেও বিচ্ছেদ হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকারা এই সময়ে ভাগ্যের ভালো সমর্থন পাবেন না। তাই নতুন কোনও কাজ না করাই ভালো। বিপরীতমুখী বুধের কারণে কন্যা রাশির জাতকদের পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে অযথা তর্ক বা কোনও স্থানে বিনিয়োগ করা উচিত নয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যের অবনতি হতে পারে। জোর করে কোনও কাজ করা অনুচিত, নাহলে বিপরীত ফল লাভ হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications