আজ থেকে শুরু কৌশিকী অমাবস্যা, পূজিত হবেন শক্তির দেবী কালী, জেনে নিন এর দিনক্ষণ
হিন্দু ধর্মের রীতিতে কালীঠাকুর বিভিন্নভাবে বিভিন্নসময়ে পূজিত। তবে প্রত্যেক মাসের অমাবস্যাতেও যে কালীপুজো হয় এ কথা হয়ত প্রত্যেকেই জানেন। ভাদ্র মাসের প্রথম যে অমাবস্যা তা কৌশিকী অমাবস্যা বলে পরিচিত। এটিকে খুবই পবিত্র দিন বলে মনে করা হয়। এ বছর কৌশিকী অমাবস্যা ২৬ অগাস্ট থেকে শুরু হচ্ছে এবং তা থাকবে ২৭ অগাস্ট পর্যন্ত।

কৌশিকী অমাবস্যার পৌরাণিক ইতিহাস
মা তারা হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কৌশিকী তারই আরেক রূপ। মার্কণ্ডেয় পুরাণ মতে, এক সময় মহিষাসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ট ছিলেন। তখনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন ৷ কিন্তু এই শান্তি বেশিদিন থাকে না। শুম্ভ- নিশুম্ভের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে পড়ে। এরপর সকলে পার্বতীর স্মরণাপন্ন হলে, দেবতাদের রক্ষা করতে মা মহামায়া তাঁর ইচ্ছাশক্তি জাগ্রত করে, এক দেবীমূর্তির জন্ম দেন ৷দেবী কৌশিকী অযোনিসম্ভবা ছিলেন, সেই কারণে কৌশিকী দেবীই শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজারও যোদ্ধৃ মাতৃকাকুল সৃষ্টি হয় এবং তারাই গোটা অসুর বংশের বিনাশ ঘটায়। এই ঘটনাটি ভাদ্র অমাবস্যায় ঘটে। আর তখন থেকেই এটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত।

কৌশিকী অমাবস্যার দিনক্ষণ
এ বছর কৌশিকী অমাবস্যা শুরু হবে ২৬ অগাস্ট শুক্রবার দুপুর ১২টা ১ মিনিটে এবং তা থাকবে ২৭ অগাস্ট শনিবার দুপুর ১টা ২৩ মিনিট পর্যন্ত। মা কালীর পুজো শুক্রবার বা শনিবার এই দু'দিনের মধ্যেই করা যেতে পারে। আবার অনেকেই বলছে, ২৬ আগস্ট শুক্রবার দুপুর ১২ টা ২৩ মিনিটে শুরু হবে কৌশিকী অমাবস্যা তিথি ৷ এই তিথি ছেড়ে যাবে শনিবার ২৭ অগাস্ট দুপুর ১ টা ৪৬ মিনিটে।

বিশেষ পুজো
বিশ্বাস অনুযায়ী, কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে। এদিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়।

বছরে একবার আসে এই তিথি
তন্ত্রসাধনা ও শাক্তসাধকদের কাছে কৌশিকী অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ভাদ্র মাসের অমাবস্যা বলে একে ভাদ্রপদ অমাবস্যাও বলা হয় ৷ সারা বছর সাধকেরা এই বিশেষ অমাবস্যা তিথির জন্য অপেক্ষা করে থাকেন। বছরে একবার এই বিশেষ তিথি আসে। এই অমাবস্যাকে কুশ গ্রহিণী অমাবস্যাও বলা হয়ে থাকে।
(এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত )












Click it and Unblock the Notifications