ভুলেও করবেন না এইসব কাজ, নাহলে রুষ্ট হবেন মা লক্ষ্মী
ভুলেও করবেন না এইসব কাজ, নাহলে রুষ্ট হবেন মা লক্ষ্মী
ধন সম্পত্তি সমৃদ্ধির দেবী হলেন মা লক্ষ্মী। সেই সঙ্গে তাঁকে আদিশক্তির অন্যতম রূপ বলেও মনে করা হয়। কিন্তু দেবী লক্ষ্মীকে সকলে 'অচলা' আক্ষা দিলেও আসলে দেবী হলেন খুবই চঞ্চলা। কিছু অনাচার হলেই তিনি সেই স্থান ত্যাগ করেন। তাই সকলেই দেবী লক্ষ্মীকে সবসময় সন্তুষ্ট রাখতে হাজার প্রয়াস করেন। অনেক ক্ষেত্রেই এমন হয় যে শত চেষ্টা করেও জীবনে আশানুরূপ ধন সম্পত্তি লাভ করা যায়না। কিংবা বাড়িতে টাকা জমিয়ে রাখা যায়না। কারণে অকারণে তা খরচ হয়ে যায়। জেনে নেওয়া যাক নিজের অজান্তেই বাড়িতে এমন কোনও কাজ করা হচ্ছে না তো? যার ফলে রুষ্ট হচ্ছেন দেবী লক্ষ্মী।

বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা
শাস্ত্র অনুসারে মনে করা হয়, ধন সম্পদের দেবী লক্ষ্মী সেই স্থানেই বাস করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নেওয়া হয়। যে সব বাড়িতে গৃহিণীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার যত্ন নেন সেখানে মা লক্ষ্মী সর্বদা বাস করেন। অন্যদিকে, যেসব বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই এবং প্রধান দরজায় আবর্জনা ছড়িয়ে রয়েছে, সেখানে মা লক্ষ্মীর বাসস্থান নেই। এ ছাড়া যেসব বাড়িতে জুতা-চপ্পল ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেখানে দারিদ্র্য বাস করতে থাকে।

উত্তর দিকের গুরুত্ব
ধন সম্পদের দেবী মা লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকে বাড়ির উত্তর দিকের। বলা হয় উত্তরে মা লক্ষ্মী বাস করেন। তাই বাড়ির উত্তর দিকটি সর্বদা পরিষ্কার রাখা উচিত, উত্তর দিক পরিচ্ছন্ন করে রাখলে অর্থ সংক্রান্ত সমস্যা হয় না। পাশাপাশি দেবী লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদ পেতে, এই দিকে অকেজো জিনিস রাখা একদমই উচিত নয়। এই নিয়ম মেনে না চললে বাড়িতে আসতে পারে অর্থকষ্ট।

ঝাড়ুর মহত্ব
ধর্মীয় বিশ্বাস অনুসারে, ঝাড়ুতে দেবী লক্ষ্মীর অধিবাস। ঝাড়ু ঘরে এমন জায়গায় রাখতে হবে যাতে কেউ সহজে দেখতে না পারে। এছাড়াও, ঝাড়ুতে পা রাখা উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে ঝাড়ুতে পা রাখলে অর্থের ক্ষতি হয়। শাস্ত্র অনুযায়ী, মনে করা হয় যে যেসব বাড়িতে ঝাড়ুর অপমান হয়, মা লক্ষ্মী সেখান থেকে চিরতরে চলে যান।

এঁটো বাসন
এঁটো বাসন মা লক্ষ্মীর খুব অপছন্দের জিনিস বলে মনে করা হয়। তাই বাড়িতে এদিক ওদিক এঁটো বাসন ছড়িয়ে রাখতে নেই। ধুলো পড়া অপরিষ্কার বাসন বাড়িতে রাখাও খুব খারাপ বলে মনে করা হয়। অনেকেই রান্নাঘরে এঁটো অপরিষ্কার বাসন রেখে দিয়ে থাকেন। সেক্ষেত্রে তা খুবই অশুভ বলে মনে করা হয়। এতে মা লক্ষ্মী রুষ্ট হন। এবং সেক্ষেত্রে হতে পারে আর্থিক কষ্ট।

সন্ধ্যা আরতি ও পুজো
সন্ধ্যা কালকে দেবী লক্ষ্মীর আরাধনার উপযুক্ত সময় হিসেবে মনে করা হয়। সেক্ষেত্রে যেসব বাড়িতে প্রতিদিন সন্ধেবেলা তুলসী তলায় প্রদীপ দেওয়া হয়, ঠাকুর ঘরে শাঁখ বাজানো হয় সেই সব বাড়িতে মা লক্ষ্মী সর্বদা বাস করেন বলে মনে করা হয়। কিন্তু যেসব বাড়িতে সন্ধেবেলা লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করা হয়না, লক্ষ্মী সেই স্থান ত্যাগ করেন বলে মনে করা হয়।
( এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications