কোনদিকে শুঁড়বিশিষ্ট গণেশ বাড়িতে রাখলে ও পুজো করলে পূর্ণ হবে সব আশা জানেন কী?
কোনদিকে শুঁড়বিশিষ্ট গণেশ বাড়িতে রাখলে ও পুজো করলে পূর্ণ হবে সব আশা জানেন কী?
গণেশ ঠাকুরকে সিদ্ধিদাতা বলা হয়। কারণ তাঁকে পুজো করলে সব বাধা কেটে মানুষের কার্য সিদ্ধ ঘটে। তাঁর নাম স্মরণে যাত্রা শুভ হয়। গণেশ পুজো ছাড়া কোনও শুভ কাজ, পুজো অসম্পূর্ণ। তবে জ্যোতিষ ও বাস্তুবিদরা বলেন যে সব গণেশ মূর্তিই কিন্তু সমানভাবে ফলদায়ী হয় না। গণেশের মূর্তির উপাদান, তার গঠন, বৈচিত্র্য ইত্যাদির সঙ্গে তার গুণাগুণও যুক্ত থাকে। বাস্তু ও তন্ত্র মতে, বামদিকে শুঁড়বিশিষ্ট গণপতি সবথেকে শুভ মূর্তি। এই মূর্তি বাড়িতে রাখলে সব কাজে সাফল্য আসে।

গণেশ পুরাণ
পুরাণ অনুসারে, গণেশের জন্ম হয়েছিল মা পার্বতীর নিজস্ব ইচ্ছায়। গণেশের জন্মে শিবের কোনও ভূমিকা ছিল না। বরং পার্বতীর স্নানকক্ষে প্রবেশের পথে বাধা পেয়ে শিব দ্বাররক্ষী গণেশের সঙ্গে যুদ্ধ করেন এবং তাঁর মস্তকছেদন করেন। পরে তাঁর মস্তকে হস্তিমুণ্ড স্থাপন করে পার্বতীর রোষ থেকে মুক্ত হন শিব। এইদিক থেকে বিচার করলে গণেশের দেহ তাঁর মায়ের এবং মস্তক তথা চেতনা তাঁর পিতার দান। পুরাণ অনুযায়ী, পার্বতী অন্নপূর্ণা আর শিব সংসারে উদাসীন এক পুরুষ। গণেশের মধ্যে এই দুই গুণের সমাহার ঘটেছে বলে মনে করা হয়।

মূর্তি তত্ত্ব কি বলছে
মূর্তি তত্ত্ব অনুযায়ী, পার্বতীর স্থান শিবের বাঁ-দিকে, তাই তিনি 'বামিনী' নামেও পরিচিত। গণেশের স্থান শিব ও পার্বতীর মধ্যস্থলে। এই অবস্থায় তাঁর শুঁড় যদি ডান দিকে কুণ্ডলী পাকিয়ে থাকে, তবে ধরতে হবে, সেই মূর্তির মধ্যে সংসার-ঔদাসীন্য বর্তমান। তিনি সিদ্ধিবিনায়ক হলেও তাঁর কাজ মোক্ষ প্রদান। জাগতিক শুভাশুভের ঊর্ধ্বে তিনি।

বাঁ–দিকে শুঁড়বিশিষ্ট গণেশ শুভ বাড়ির জন্য
কিন্তু তাঁর শুঁড় যদি বাঁ-দিকে কুণ্ডলী পাকিয়ে থাকে, তবে তিনি মা পার্বতীর গুণাবলীর দিকে ধাবিত। অর্থাৎ তিনি গৃহ-সুখের সন্ধান দিতে সমর্থ। তাঁর কৃপায় গৃহে শান্তি-সমৃদ্ধি স্থায়ী হয়। গৃহে তাই বামাবর্ত শুঁড়বিশিষ্ট গণেশ মূর্তি রাখাই শ্রেয় বলে মনে করা হয়।

ডানদিকে শুঁড়বিশিষ্ট গণেশ শুভ নয়
গণেশ ঠাকুরের শুঁড় যদি ডানদিকে থাকে তাহলে সেই গণেশ ঠাকুর শুভ বলে বিবেচিত হয় না বাড়ির জন্য ৷ তখন সেই সমস্ত গণেশ ঠাকুরের মূর্তি বাড়ির বাইরে অন্যত্র এবং কোনও মন্দিরে রাখা উচিত৷ তবে, কোনও হাতির শুঁড় যদি বাঁদিকে থাকে তাহলে সেটি বাড়িতে পূজা জন্য খুবই শুভ বলে মনে করা হয় ৷

বুধবার গণেশ পুজো করুন নিষ্ঠা সহকারে
শাস্ত্র মতে বুধবার হল গনেশ ঠাকুরের দিন। এদিন মোদক, দুর্বা ঘাস, গাঁধা ফুল এবং কলা দিয়ে বাপ্পার আরাধনা করলে একাধিক উপকার মিলতে শুরু করে। বিশেষত কর্মক্ষেত্রে সফলতা লাভের পথ প্রশস্ত হয়। সেই সঙ্গে জীবন পথে চলতে চলতে সামনে আসা যে কোনও বাঁধা সরে যেতেও সময় লাগে না। মেলে আরও অনেক উপকার।












Click it and Unblock the Notifications