এই বছর মকর সংক্রান্তিতে বিরল 'ব্রহ্ম-ব্রজ' যোগ কেমন প্রভাব ফেলতে চলেছে জীবনে ?
মকর সংক্রান্তিতে ব্রহ্ম-ব্রজ যোগ
আর মাত্র একদিন পরেই মকর সংক্রান্তি পালিত হবে গোটা দেশ জুড়ে। মকর সংক্রান্তিকে বাংলায় পৌষ সংক্রান্তিও বলা হয়ে থাকে। এইদিন যেমন বাংলার মানুষ পিঠে-পুলি খেয়ে থাকেন, তেমনই গোটা দেশে ঘুড়ি উড়িয়ে, তিলের লাড্ডু খেয়ে পালন করা হয় এই বিশেষ দিন। হিন্দু পুরাণ ও জ্যোতিষ শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ এই দিনটি। এই দিনেই নিজের দক্ষিণায়ন গতি শেষ করে পুনরায় উত্তরায়ণে যাওয়ার পাশাপাশি খড়মাস শেষ করে আবার পূর্ণ গতিতে ফিরে আসেন সূর্যদেব। এই বছর প্রায় ২৯ বছর পর সূর্য-শনি যোগের সঙ্গে সঙ্গে তৈরি হতে চলেছে 'ব্রহ্ম-ব্রজ' বিশেষ যোগ, যা এই সংক্রান্তির গুরুত্ব আরও বেশি বৃদ্ধি করছে। জেনে নেওয়া যাক জাতক জাতিকাদের জীবনে কেমন প্রভাব ফেলবে এই যোগ।

রোহিণী নক্ষত্রের অবস্থান
পুরাণ অনুযায়ী রোহিণী হলেন প্রজাপতি দক্ষের কন্যা, এবং চন্দ্রদেবের প্রিয় স্ত্রী। এছাড়া ভগবান শ্রী কৃষ্ণের জন্ম নক্ষত্রও হলেন রোহিণী। তাই এই নক্ষত্রের অবস্থান বিশেষ মহত্ব রাখে যেকোনও শুভ যোগ তৈরির ক্ষেত্রে। এই বছর মকর সংক্রান্তিতে অর্থাৎ ১৪ জানুয়ারি, ২০২২ তারিখে সন্ধেবেলা রোহিণী নক্ষত্রের অবস্থান থাকবে সান্ধ্য নক্ষত্র হিসেবে। তাই এই যোগ খুব শুভ ফল দান করবে সবার জীবনে। রোহিণী নক্ষত্রকে পূজা করা এবং জল দান করা খুব শুভ। এইদিন কোনও মাঙ্গলিক কাজের সূচনা করলেও শুভ ফল লাভ হবে।

মকর সংক্রান্তিতে মহাযোগ
জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বছর 'ব্রহ্ম যোগ', 'ব্রজ যোগ' ও 'আনন্দদি যোগ' গঠিত হচ্ছে। এছাড়া 'বুদ্ধাদিত্য যোগ'ও থাকবে। মকর সংক্রান্তিতে এই চার মহাযোগের একত্র গঠন অত্যন্ত বিরল। তাই এই বছর সঠিক পদ্ধতিতে সংক্রান্তির পুজোপাঠ করলে জীবনে অনেক শুভ ফল লাভ হবে। এছাড়া কেটে যাবে সব বাঁধা বিপদ। সুখ-শান্তি বিরাজ করবে পরিবারে। কাজের ক্ষেত্রেও সাফল্য পাওয়া যাবে।

ব্যবসার ক্ষেত্রে বিশেষ লাভ
এই মকর সংক্রান্তি ব্যবসায়ীদের জন্য খুব শুভ হবে। বিশেষ করে যারা কাপড়, গহনা, প্রসাধনী সামগ্রীর ব্যবসা করছেন তারা বিশেষ সুবিধা পাবেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা গুড় দান করলে এবং সেবন করলে, সেইসঙ্গে সূর্যের পূজা করলে সারা বছর সূর্য দেবতার আশীর্বাদে প্রতিটি কাজে সাফল্য লাভ করতে পারবেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications