কেন ২২ জানুয়ারিতেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা করা হবে? জানুন শুভ সময় সম্পর্কে
অযোধ্যায় রামমন্দিরের শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। সোমবার ২২ জানুয়ারি রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। সমস্ত রীতিনীতি মেনেই প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। আর এই বিশেষ সময়ের জন্য অপেক্ষা করে আছেন দেশবাসী। জানুন দেবতার প্রাণ প্রতিষ্ঠার শুভ সময়, তারিখ সম্পর্কে।
২২ জানুয়ারি দুপুর ১২টা ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ড অর্থাৎ মাত্র ৮৪ সেকেন্ড সময়ের মধ্যে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এই দিন অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে বেলা ১২টা বেজে ১৬ মিনিটে। শেষ হবে ১২টা ৫৯ মিনিটে। এই শুভ মুহূর্তেই রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হবে। কেন ২২ জানুয়ারিই রাম মন্দিরের উদ্বোধনের জন্য বেছে নেওয়া হল?

পুরাণ অনুয়ায়ী, অভিজিৎমুহূর্ত, মৃগশিরা নক্ষত্র, অমৃত সিদ্ধি যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগের সঙ্গমকালে ভগবান শ্রী রামের জন্ম হয়েছিল। সেই শুভ মুহূর্ত তৈরি হতে চলেছে চলতি বছরের ২২ জানুয়ারি, সোমবার। আর এই কারণেই বেছে নেওয়া হয়েছে এই শুভ সময়কে। এই দিন সারাদিন থাকবে অমৃত সিদ্ধি যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ। রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে পৌষ মাসের দ্বাদশী তিথির অভিজিৎ মুহূর্তে। এসময়ে ইন্দ্র যোগ, মৃগশিরা নক্ষত্র, মেষ লগ্ন ও বৃশ্চিক নবাংশে থাকবে। কথিত আছে এই সময়ে ভগবান শিব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন। আর এই সময়ে অশুভ শক্তি বিনাশ হয়েছিল, আর এই সময়ে অত্যন্ত শুভ সময়।
২১ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে যজ্ঞের আয়োজন করা হবে, সকালে মধ্যাধিবাস ও সন্ধ্যাবেলা শয্যাধিবাস সম্পন্ন হবে। এদিন হবনের বিশেষ আয়োজন করা হবে। রামলালা ১২৫ টি কলসির জল দিয়ে স্নান করবেন।
২২ জানুয়ারি আচার অনুষ্ঠান মেনে মৃগশিরা নক্ষত্রে রামমন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হবে।












Click it and Unblock the Notifications