শ্রাবণ মাসে করুন এই বিশেষ উপায়, ভরপুর আশীর্বাদ প্রদান করবেন মহাদেব
শ্রাবণ মাসে করুন এই বিশেষ উপায়, ভরপুর আশীর্বাদ প্রদান করবেন মহাদেব
সনাতন ধর্মীয় এবং জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিটি মাসের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। কিন্তু এই সকল মাসের মধ্যে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। কারণ এই মাসটি ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাস হিসেবে নির্বাচিত হয়। চলতি বছর অর্থাৎ ২০২২ সালে আগামী ১৪ জুলাই থকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। ভগবান শিবের অত্যন্ত প্রিয় হল এই মাস। এটি বিশ্বাস করা হয় যে যদি এই মাসে মহাদেবের নিয়ম মত কেউ পূজা করেন তাহলে তাঁর মনের সকল কামনা পূর্ণ হয়। সেই সঙ্গে পরমেশ্বর জীবনের সকল দুঃখ দূর করেন, এবং ভক্তের সব মনোবাঞ্ছাও পূরণ করেন। শিবের উপাসনা ছাড়াও এই মাসে আরও কিছু কাজ করলে জীবনের সকল সমস্যা থেকে নিমেষে মুক্তি পাওয়া যেতে পারে। জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে কী কী কাজ করলে খুব ভালো ফল লাভ করা সম্ভব।

শ্রাবণের সোমবার
এমনিতে সমগ্র শ্রাবণ মাসই খুব পবিত্র হয়। কিন্তু এরই মধ্যে এই মাসের সোমবারের দিনগুলি একটু বেশিই শুভ হিসেবে বিবেচিত হয় পুরাণ ও শাস্ত্র মতে। শ্রাবণ মাসের প্রতি সোমবার উপোষ করে মহাদেবের উপাসনা করলে খুব ভালো ফল পাওয়া যায়। তাছাড়া এই মাসের প্রতি সোমবার জল দিয়ে মহাদেবের অভিষেক করলেও খুব ভালো ফল পাওয়া যায়। মহাদেবকে সব সময় বেলপাতা, ধুতরা, কল্কে, অপরাজিতা, বেল, আকন্দ ইত্যাদি ফুল নিবেদন করতে হয়। কিন্তু তাঁকে তুলসী পাতা, কেতকী ফুল বা কেওড়ার জল কখনও নিবেদন করতে নেই।

মহাদেবের মন্ত্র জপ
পুজো, উপাসনার সঙ্গে সঙ্গেই যে কোনও দেব দেবীর মন্ত্র জপ করাও খুব শুভ বলে মনে করা হয়ে থাকে। সেক্ষেত্রে মহাদেবের একাধিক মন্ত্র রয়েছে যেগুলি শ্রাবণ মাসে জপ করলে খুব ভালো ফল লাভ করা যায়। এই সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। মনে করা হয় এই মন্ত্র জপ করলে সহজেই মহাদেবের আশীর্বাদ পাওয়া সম্ভব। এছাড়াও যাঁদের জন্মছকে কোনও খারাপ দোষ রয়েছে, তাঁরা যদি শ্রাবণ মাসে রোজ নিয়ম করে ১০৮ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন তাহলে সকল দোষ কেটে যায়।

শ্রাবণ মাসের বিশেষ বিধান
শ্রাবণ মাস যেহেতু সবথেকে পবিত্র মাস হিসেবে বিবেচিত হয় তার জন্য এই মাসে মহাদেবকে পঞ্চামৃত দিয়ে পুজো করা খুবই শুভ বলে মনে করা হয়। বাড়ির কাছের যে কোনও মন্দিরে গিয়ে শিবলিঙ্গে দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল ইত্যাদি দিয়ে মহাদেবের পুজো করলে বিশেষ লাভ হয়। সেই সঙ্গে সম্ভব হলে এই মাসে রুদ্রাক্ষ ধারণ করাও খুব শুভ বলে বিবেচিত হয়।

শ্রাবণ মাসের নিষেধাজ্ঞা
তবে এই বিশেষ মাসে জ্যোতিষ ও শাস্ত্র মতে বেশকিছু নিশেধাজ্ঞার কথাও বলা হয়েছে। ভুল করেও শ্রাবণ মাসে মদ্যপান করা উচিত নয়। এই বিশেষ মাসে রসুন-পেঁয়াজ, মূলো, বেগুন, আদা খাওয়া এড়িয়ে যাওয়াই ভালো। এমনকি এই মাসে কারও সঙ্গে ঝামেলা ঝগড়া করাও উচিত নয়। মনে করা হয় এইসব কাজ করলে মহাদেব রুষ্ট হন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications