কালীপুজো ও দিওয়ালির দিন, ক্ষণ একনজরে, অমাবস্যার তিথি কবে পড়ছে জানুন
কালীপুজো ও দিওয়ালির দিন, ক্ষণ একনজরে, অমাবস্যার তিথি কবে পড়ছে জানুন
আর মাঝে মাত্র কয়েকটা দিন। তারপরই অক্টোবরের শুরু থেকেই কার্যত পুজোর আন্দের ঢাকে কাঠি পড়ে যাবে। মহামায়ার আগমনী বাজবে দিকে দিকে। আপাতত বাঙালি কালো মেঘ কাটিয়ে নীল আকাশে তুলোর মতো মেঘ ভেসে বেড়ানোর অপেক্ষায় রয়েছে। যখন 'আশ্বিনের শারদ প্রাতে' কাশের বনে দোলা লাগবে, শিউলি গাছের তলায় সাদা কার্পেটের মতো করে বিছিয়ে নেওয়া থাকবে শুধুই শিউলি ফুল। এমন এক সময় মহালয়া কেটে যেতেই ঢাকের বাদ্যি বেজে প্যান্ডেলে প্যান্ডেলে শুরু হবে পুজো। বনেদী বাড়িতে শঙ্খধ্বনিতে ঘরের মেয়ে উমাকে স্বাগত জানানো হবে। এদিকে মা দুর্গা ফিরে যেতেই শুরু হবে, আরেও এক মা শক্তির আগমনের বার্তা। কালীপুজো ঘিরে বাঙালি যখন মেতে উঠবে, তখনই ভারতের বাকি অংশে দিওয়ালি বা দীপাবলির সাজ সজ্জা শুরু হবে। একনজরে দেখা যাক কালীপুজো ও দীপাবলী কবে পড়েছে?

কালীপুজো কবে?
পঞ্জিকা মতে কালীপুজো পড়েছে ৪ নভেম্বর। ২০২১ সালে বৃহস্পতিবার পড়েছে দীপান্বিতা অমাবস্যা। উল্লেখ্য, কার্তিক মাসের কৃষ্ণপক্ষে যে অমাবস্যা তিথি রয়েছে, তাতে এই বিশেষ কালীপুজো পালন করা হয়। দার্জিলিং থেকে দিঘা এই দিন কালীপুজোর আবহে মন মাতায়। অনেকেই এই দিনে অলক্ষ্মীর পুজোও সম্পন্ন করেন।

অমাবস্যার তিথি
শাস্ত্র মতে ৪ নভেম্বর সকালেই পড়ে যাচ্ছে অমাবস্যার তিথি। এই দিনে কার্তিক মাসের বিশেষ রীতি অনুযায়ী, রাতভর আলো জ্বালিয়ে অলক্ষ্মী দূর যেমন করা হয়, তেমনই, আবার কালীর পুজোয় মা শক্তির আরাধনা করা হয়। এদিন অমাবস্যা সকাল ৬:৩০ মিনিটে পড়ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, ৫ নভেম্বর রাত ২ টো ৪৪ মিনিটে সম্পন্ন হবে অমাবস্যা তিথি। ফলে তার মধ্যেই কালীপুজো সম্পন্ন করতে হবে। মূলত, রাজ জেগে এই বিশেষ কালীপুজো ঘিরে বহু বাঙালি বাড়িতেই নিষ্ঠা সহকারে বহুবিধি পালিত হয়।

চোদ্দ শাকের দিন
উল্লেখ্য, ভুত চতুর্দশীর দিন পালিত হয় চোদ্দ শাক খাওয়ার রীতি। মূলত, কালীপুজোর আগের রাতে চোদ্দটি প্রদীপ দিয়ে বাড়ি থেকে অলক্ষ্মী দূর করার রীতি প্রচলিত রয়েছে। এদিন সকালে চোদ্দ শাক খাওয়ার রীতি রয়েছে। এই চোদ্দ শাক খাওয়ার দিন এবার ৩ নভেম্বর পড়েছে। চোদ্দ শাক বলতে বেতে, কালকাসুন্দা, নিম, জয়ন্তী, গুলঞ্চ, শুষনি, পলতা, হিলঞ্চ, পালং, লালশাক, পুঁইশাক, কলমি, নোটে, মেথি , সরষে ইত্যাদি রয়েছে। এই শাক একসঙ্গে সেদিন খাওয়ার রীতি প্রচলিত।

দিওয়ালির তিথি ও দিন
যেদিন বাংলায় কালীপুজো সম্পন্ন হয়, সেদিন ভারত জুড়ে দিওয়ালি পালিত হয়। দিওয়ালিতে মূলত, লক্ষ্মী গণেশের পুজো একসঙ্গে সম্পন্ন হয়। ফলে সেই দিন পুজোর সময় সন্ধ্যে ৬ :০৯ মিনিট থেকে ৮ টা ২০ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে গণেশ ও লক্ষ্মীপুজোর তিথি রয়ছে। ১ ঘণ্টা ৫৫ মিনিট সময়ের মধ্যে এই পুজো সম্পন্ন করতে হবে।












Click it and Unblock the Notifications