আসছে অক্ষয় তৃতীয়া, জেনে নিন শুভ দিন ও মুহূর্ত ও মহত্ব
আসছে অক্ষয় তৃতীয়া, জেনে নিন শুভ দিন ও মুহূর্ত ও মহত্ব
সনাতন ধর্ম অনুযায়ী, অক্ষয় তৃতীয়াকে সারা বছরের সবথেকে পবিত্র দিন হিসেবে মনে করা হয়ে থাকে। বলা হয় যে এই দিনে স্বয়ং বিঘ্ন হরণকারী শ্রী গণেশ মর্তে বিরাজ করেন। প্রাচীন কাল থেকেই এই দিন উপলক্ষে পুজোপাঠ ও জপ জজ্ঞ হয়ে আসছে। এছাড়াও মনে করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিনে আলাদা করে কোনও শুভ বা অশুভ সময় থাকে না, কারণ এই গোটা দিনিটাই খুব পবিত্র বলে মনে করা হয়। এই বিশেষ দিনে নতুন ব্যবসার শুরু করা খুবই শুভ হয়। এছাড়া এই দিন বিয়ে, পৈতে, অন্নপ্রাশন বা গৃহপ্রবেশ করা হলে তা অত্যন্ত শুভ বলে বিচার করা হয়ে থাকে।

অক্ষয় তৃতীয়া ২০২২
সাধারণত, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে পালিত হয়ে থাকে অক্ষয় তৃতীয়া উৎসব। সেই হিসেব মত এই বছর, অর্থাৎ ২০২২ সালে অক্ষয় তৃতীয়ার শুভ দিন পালিত হতে চলেছে আগামী মে মাসের ৩ তারিখ। এই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন ৩রা মে ২০২২-এর বৈশাখ মাসের তৃতীয়া তিথি মঙ্গলবার ভোর ৫টা ১৯ মিনিট থেকে শুরু হবে এবং এই তিথি ৪ঠা মে সকাল ৭টা ৩৩ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এই বিশেষ দিন রোহিণী নক্ষত্রের গোচর থাকবে। রোহিণী নক্ষত্র ৩মে দুপুর ১২টা ৩৪ মিনিট থেকে ৪ঠা দুপুর ৩টে ১৯ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে।

অক্ষয় তৃতীয়ার মহত্ব
অক্ষয় তৃতীয়ার দিনটি শুভ কাজ করার জন্য খুব ভালো। এছাড়াও নতুন জামাকাপড়, গহনা, বাড়ি বা গাড়ি ইত্যাদি মূল্যবান জিনিস কেনাও এই দিনে খুব শুভ বলে মনে করা হয়। এদিন নানা রকম ধর্মীয় অনুষ্ঠানও হয়। মহারাষ্ট্র, রাজস্থান সহ কিছু রাজ্যে এই দিনে সোনা ও রূপার কিছু না কিছু জিনিসপত্র কেনার নিয়ম রয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিনে সোনা বা রূপার কিছু জিনিস কিনলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। শুধু তাই নয়, এই দিনে দান করারও অনেক মহত্ব রয়েছে বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে দুঃস্থ মানুষকে কিছু প্রয়োজনীয় সামগ্রী দান করলে জীবনে সুখ সমৃদ্ধি সবসময় বজায় থাকে। বিশ্বাস করা হয় যে এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে।

অক্ষয় তৃতীয়ার পুজো
অক্ষয় তৃতীয়ার দিন প্রধানত গণপতি অর্থাৎ গণেশের পুজো করা হয়ে থাকে। মনে করা হয় এই বিশেষ দিনে গণেশের পুজো করলে অখণ্ড সৌভাগ্য প্রাপ্ত হয়। এই দিন গণেশকে হলুদ ফুল ও হলুদ বস্ত্র নিবেদন করা খুব শুভ। এছাড়াও গণপতি জবা ফুলও পছন্দ করেন। পাশাপাশি গনেশকে লাড্ডু বা মোদক ভোগ হিসেবে নিবেদন করলে খুব ভালো ফল পাওয়া যায়। অক্ষয় তৃতীয়ার দিন জজ্ঞ করাও খুব শুভ বলে মনে করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে ওম গং গণপতয়ে নমঃ মন্ত্র বা ওম বক্রতুণ্ডায় হুং মন্ত্র ১০৮ বার জপ করলে সব সমস্যা মিটে যায়। এছাড়াও এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে বিপুল ঐশ্বর্য প্রদান করেন। তাই এদিন বৈভব-লক্ষ্মীর পূজাও করা হয়।

অক্ষয় তৃতীয়ার ইতিহাস
কেন পালিত হয় অক্ষয় তৃতীয়া, এর এক বিশেষ ইতিহাস আছে। সনাতন পুরাণ ও বেদ মতে অক্ষয় তৃতীয়ার দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনেই বেদব্যাস মহাভারত রচনা শুরু করেছিলেন যা লিখেছিলেন স্বয়ং শ্রী গণেশ। স্কন্দ পুরাণ অনুযায়ী, এই দিনেই রেণুকার পুত্র হিসেবে বিষ্ণু তাঁর পরশুরাম অবতারে জন্ম নিয়েছিলেন। এছাড়াও এই দিনেই জগন্নাথ দেবের রথ তৈরি করা শুরু হয়। উত্তরভারতের উত্তরাখণ্ডে বদ্রী নারায়ণ ও কেদারনাথের মন্দিরের দরজা এই শুভ দিনেই শীতকালের পর পুনরায় খোলা হয়। এছাড়াও এই দিনেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাস ও জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications