অর্থলাভ থেকে কর্মে উন্নতি, মহাশিবরাত্রির দিন এই সামান্য উপায় করলেই হবে সকল ইচ্ছা পূরণ
মহাশিবরাত্রির দিন ইচ্ছা পূরণ
সনাতন ধর্ম আর ঐতিহ্য অনুযায়ী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। বছরের মধ্যে এটিই একমাত্র দিন যখন মহাদেবের পূজা এবং অভিষেক ৪ প্রহর, অর্থাৎ ২৪ ঘন্টা ধরে পালিত হয়। এই দিন মনের মত স্বামী আর ইচ্ছা পূরণের বর প্রার্থনা করে ব্রত পালন করেথাকেন মহিলা ও যুবতীরা। শিবমহাপুরাণ অনুযায়ী, এই বিশেষ দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শঙ্কর ও পার্বতী। অর্থাৎ এইদিনেই মিলন হয়েছিল শিব শক্তির। আর সেই কারণেই মনে করা হয় যে এই দিনে সঠিক ভাবে মহাদেব ও দেবী শক্তির আরাধনা করলে জীবনের সকল মনস্কামনা পূরণ হয়।

মহাদেবের অভিষেক
পুরাণ অনুযায়ী মহাদেবের কয়েকটি অভিষেকের কথা বর্ণনা করা হয়েছে। সেগুলি হল, জলাভিষেক, ভস্মাভিষেক, রুদ্রাভিষেক ইত্যাদি। তারমধ্যে সবথেকে প্রচলিত প্রথা হল রুদ্রাভিষেক। এই অভিষেকের জন্য আবশ্যিক উপাদান হল দুধ। পিনাকের মধ্যে দুধ নিয়ে মহাদেবের রুদ্রাভিষেক সম্পন্ন করা হয়। সঙ্গে দেওয়া হয় বিভূতি, ধুতরা ফুল ও ফল, আর আকন্দ ফুলের মালা। মহাশিবরাত্রির দিন মানুষ উপবাস করে, রুদ্রাভিষেক করে, পূজা করে এবং রাত জেগে ব্রত পালন করে। মনে করা হয় যে এর ফলে জীবনের যাবতীয় সমস্যা দূর হয় এবং চন্দ্র রাশিতে শক্তিশালী হয়ে শুভ ফল দিতে শুরু করে।

সুস্বাস্থ্যের প্রতিকার
সকল রোগের হাত থেকে মুক্তি পেতে এবং সুস্বাস্থ্য পেতে মহাশিবরাত্রির দিন মন্দিরে একটি মাটির প্রদীপে ঘি দিয়ে সলতে জ্বালিয়ে তাতে কিছু কর্পূর ছড়িয়ে দিতে হবে। এরপর শিবকে চিনি মিশ্রিত চালের পায়েস নিবেদন করতে হবে। এছাড়াও, ওম নমঃ শিবায় মন্ত্র ১০৮ বার জপ করলেই লাভ হবে সুস্বাস্থ্যের বরদান।

চাকরি-ব্যবসায় সাফল্য লাভের প্রতিকার
মহাশিবরাত্রির দিন শিবকে রৌপ্য পদ্ম দিয়ে অভিষেক করা শুভ বলে মনে করা হয়। এই সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা খুব শুভ। এছাড়াও, ভোলেনাথকে সাদা ফুল নিবেদন করে চাকরি বা ব্যবসায় সাফল্যের জন্য তাঁর কাছে প্রার্থনা করলে সকল ইচ্ছা পূরণ হয়। এছাড়াও মহাশিবরাত্রির সন্ধ্যায় শিব মন্দিরে ১১টি ঘিয়ের প্রদীপ জ্বালালে খুব শুভ।

সন্তান লাভের প্রতিকার
মহাশিবরাত্রিতে স্বামী-স্ত্রীর একসঙ্গে রুদ্রাভিষেক করা উচিত। শিবলিঙ্গে ঘি নিবেদন করে বিশুদ্ধ জল নিবেদন করে সুসন্তান লাভের প্রার্থনা করতে হবে। এছাড়া সাদা চন্দন দিয়ে ১১টি নিখুঁত বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করলে খুব শুভ ফল লাভ করা যায়।

ধন-সম্পদ লাভের উপায়
মহাশিবরাত্রির দিন সূর্যোদয়ের ১ ঘণ্টা আগে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, মধু, চিনি, ঘি দিয়ে শিবকে অভিষেক করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সমস্ত জিনিসগুলি একে একে শিবলিঙ্গে নিবেদন করতে হবে। সবশেষে জল দিয়ে অভিষেক করা হয়। এই সময়ে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যাতে আটকে হওয়া টাকা পাওয়া যায় এবং জীবনে আয় বৃদ্ধি পায়। এছাড়াও ওম নমঃ শিবায় এবং ওম পার্বতীপতয়ে নমঃ মন্ত্র ১০৮ বার জপ করাও খুব শুভ।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ ও পৌরাণিক তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications