Tollywood Actress Lily Chakraborty: ৮২-তে 'লিলি'ফুল, নিম ফুলের মধু'র সেটে জমজমাট সেলিব্রেশন
Tollywood Actress Lily Chakraborty: তোমার জন্য এই বাড়িতে সবসময় একটা ঘর ফাঁকা থাকে জানো না? খোদ মহানায়ক উত্তমকুমারকে এই কথা বলেছিলেন এই অভিনেত্রী। বাংলা সিনেমার স্বর্ণযুগে অনেক প্রতিভার সাক্ষী থেকেছেন দর্শকরা। আর তাঁদের মধ্যেই অন্যতম হলেন অভিনেত্রী লিলি চক্রবর্তী।
৬০ ও ৭০-এর দশকে যখন বাংলা সিনেমা মহল দাপিয়ে বেড়াচ্ছেন সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায় কিংবা মাধবী মুখোপাধ্যায়ের মোট তাবড় নায়িকারা, ঠিক তখন নিজের স্বতন্ত্রতায় টলিউডে আলাদা ছাপ ফেলেছিলেন লিলি চক্রবর্তী ( Lily Chakraborty) ।

না, সেভাবে কোনও দিন জুবিলী নায়িকা হিসেবে তাঁকে পায়নি বাংলা সিনেমা। কিন্তু তাও তাঁর অন্যরকম অভিনয় ভালোবেসেছেন দর্শকরা। বাংলা সিনেমার জগতে তিনি লিলি ফুলের মতোই থেকেছেন। মৃদু অথচ উজ্জ্বল, সতেজ। ৬০-এর দশকে দেয়া নেয়া, ভানু গোয়েন্দা জহর এসিস্টেন্ট, দীপ জ্বেলে যাই, ভানু পেল লটারির মত সুপারহিট ছবিতে তাঁর উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের।
বাংলা ছেড়ে বলিউডেও একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। আচানক, চুপকে চুপকে ছবিতে তাঁর অভিনয় নিঃসন্দেহে প্রশংসা কুড়িয়েছে। সিনেমা ছাড়াও মঞ্চাভিনয়েও সমান পারদর্শী তিনি। ৭০-এর দশকে থিয়েটারের রমরমা, সেই সময় লিলি চক্রবর্তী অভিনীত শ্রীমতি ভয়ঙ্করী নাটক পার করেছে ১০০ রজনী। তবে সময়ের সঙ্গে সঙ্গেই বদলেছে অভিনয়ের মঞ্চও।
তাই শুধু বড় পর্দায় নিজের অসামান্য প্রতিভাকে থামিয়ে রাখেননি স্বর্ণযুগের এই অভিনেত্রী। ছোট পর্দার বহু ধারাবাহিকে অভিনয় করে চলেছেন লিলি চক্রবর্তী।
বর্ষীয়ান এই অভিনেত্রী পেরিয়ে গেলেন জীবনের ৮২টা বসন্ত। এই মুহূর্তে বাংলা ধারাবাহিক নিম ফুলের মধুতে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। আর সেটেই কেক কেটে তাঁর জন্মদিন পালন করলেন কলাকুশলীরা।












Click it and Unblock the Notifications