২০২৪-এ মোদীকে হটাতে চাই গ্রহণযোগ্য মুখ, বিরোধী ঐক্য নিয়ে সরব প্রশান্ত কিশোর
২০২৪-এ মোদীকে হটাতে চাই গ্রহণযোগ্য মুখ, বিরোধী ঐক্য নিয়ে সরব প্রশান্ত কিশোর
২০২৪-এর লক্ষ্যে জোট গড়তে ছুটছে সমস্ত বিরোধী দলই। যে যার মতো চেষ্টা করছেন। এই দৌড়ে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, কে চন্দ্রশেখর রাও-দের মতো নেতারা। হালে নীতীশ কুমার বিজেপি-জোট ছেড়ে বেরিয়ে আসার পরও তিনিও বিরোধী ঐক্য নিয়ে তদ্বির শুরু করেছেন। এই অবস্থায় বিরোধী ঐক্য নিয়ে মুখ খুললেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর।

বিরোধী ঐক্যের জন্য চাই বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য মুখ
২০২১-এ প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসকে জয়ের সরণিতে ফিরিয়েছেন। আবার আসন্ন বিধানসভা নির্বাচনে দায়িত্ব নিয়েছেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির। বাংলায় একুশের যুদ্ধ জয়ের পর থেকেই তিনি জাতীয় রাজনীতিতেও বিরোধী ঐক্যের তদ্বির শুরু করেছিলেন। এখন তিনি বলছেন, শুধু বৈঠক করে কিছু হবে না। বিরোধী ঐক্য জোরদার করতে সবার আগে চাই বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য মুখ।

আদর্শ মুখ না হলে বিরোধী ঐক্যের ভবিষ্যৎ অন্ধকার
প্রশান্ত কিশোরের কাছে প্রশ্ন করা হয়েছিল, বিরোধী ঐক্যের প্রধান মুখ কে হতে পারে, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, যিনি সঠিক পথ দেখাতে পারেবেন। সবার কাছে গ্রহণযোগ্য হবেন অর্থাৎ সবাইকে এক করে চলতে পারবেন তিনিই হবেন আদর্শ মুখ। আর এমন আদর্শ মুখ না হলে বিরোধী ঐক্যের ভবিষ্যৎ অন্ধকার। নামেই বৈঠক করা, কাজের কাজ কিছুই হবে না।

বিজেপি জোট ছেড়ে বিরোধী ঐক্য গড়ে তোলার লক্ষ্যে
সম্প্রতি নীতীশ কুমার বিজেপি জোট ছেড়ে বিরোধী ঐক্য গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন প্রথম সারির দলের সঙ্গে বৈঠক করেছেন। কংগ্রেস হাইরম্যান্ড রাহুল গান্ধী থেকে শুরু করে তিনি শারদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, কে চন্দ্রশেখর রাও, সীতারাম ইয়েচুরি প্রমুখ নেতাদের সঙ্গে বৈঠক করেন। তারপরই প্রাক্তন জেডিইউ নেতা বিশিষ্ট ভোট কৌশলী জোট-বৈঠক নিয়ে কটাক্ষ করেন।

যে যাঁর মতো ছন্নছাড়া চেষ্টা চলছে বিরোধী ঐক্য গঠনের
প্রশান্ত কিশোর বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদী বিরোধী ভোটকে এক জায়গায় আনতে একটা বিশ্বাসযোগ্য মুখ চাই। তার জন্য প্রয়োজন গণ আন্দোলনের। সেখানেই অভাব রয়ে যাচ্ছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তেন লাভজনক কিছু হবে না। এ জন্য গঠনতান্ত্রিক পথ বেছে নিতে হবে। কিন্তু তা আদৌ হচ্ছে না। যে যাঁর মতো করে ছন্নছাড়া চেষ্টা চলছে বিরোধী ঐক্য গঠনের। যার নিট ফল এখন পর্যন্ত শূন্য।

কেনই বা তাঁরা আপনাকে ভোট দেবে, সেটা ভাবতে হবে
প্রশান্ত কিশোরের কথায়, আপনি যদি একটি জনগণের আন্দোলন তৈরি করতে না পারেন, দেশব্যাপী জনপ্রিয় মুখ না হয়ে উঠতে পারেন এবং একটি শক্তিশালী সত্তা তৈরি করতে না পারেন, তবে জনগণের বিশ্বাসযোগ্য মুখ হয়ে উঠবেন কীভাবে। কেন আপানাকে মানুষ বিশ্বাস করবে বিজেপি বিকল্প শক্তি হিসেবে। কেনই বা তাঁরা আপনাকে ভোট দেবে, সেটা ভাবতে হবে।

জনসাধারণের এক ভাগ ক্ষুব্ধ এবং অন্য ভাগ দুঃখিত
প্রশান্ত কিশোর বলেন, আমি দেখতে পাচ্ছি জনসাধারণের মধ্যে দুটি ভাগ রয়েছে। এক ভাগ ক্ষুব্ধ এবং অন্য ভাগ দুঃখিত। আমি সমাজের এমন একটা অংশকে দেখতে পাচ্ছি, যেখানে রাজ্য সরকারের কাজ নিয়ে উত্তেজনা রয়েছে। আমি যেখানেই যাই, আমি মানুষের অভিযোগ শুনতে পাই। রাজ্যের বিরুদ্ধে দুর্নীতি ও আমলাতন্ত্রের অভিযোগ শুনি। কোথাও দেখি না রাজ্যের সরকারের প্রতি জনগণ খুশি এবং সেই খুশির ভোট প্রতিফলিত হবে নির্বাচনে।

আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত অটুট থাকবে তো জোট!
প্রশান্ত কিশোর আরও বলেন, সম্প্রতি যে মহাজোট বিহারে বাসা বেঁধেছে, তা যে আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত অটুট থাকবে, তার কোনও গ্যারান্টি নেই। আবার অনেক রাজ্যে বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় নেই। তাঁরা একে অপরকে চরম শত্রু মনে করে। অনেক ক্ষেত্রেই বিজেপির থেকে বেশি বিরোধিতা সেইসমস্ত দলের বিরুদ্ধে। ফলে জোট-সমন্বয়ের অভাব সর্বত্রই চোখে পড়ছে।

কংগ্রেসকে নিয়েও প্রশান্ত কিশোর আশাবাদী হতে পারছেন না
সম্প্রতি রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে। তা নিয়ে প্রশান্ত কিশোর বলেন, এই কর্মসূচির প্রভাব সেই রাজ্যগুলিতেই বেশি যেখানে বিজেপি বড় শক্তি নয়। বিজেপি যেসব রাজ্যে শক্তিশালী সেখানে কতটা প্রভাব ফেলতে পারল কংগ্রেসের এই কর্মসূচি সেটা দেখতে হবে। যাত্রার রুট দেখে কংগ্রেসের তেমন কোনও পরিকল্পনা রয়েছে বলে মনে হচ্ছে না। তাই কংগ্রেসকে নিয়েও ভোট কৌশলবিদ প্রশান্ত কিশোর খুব একটা আশাবাদী হতে পারছেন না।












Click it and Unblock the Notifications