West Bengal Weather Update: বিকেল হতেই কালবৈশাখী! আঁধার ঘনাবে জেলায় জেলায়, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা
West Bengal Weather Update: চৈত্র সংক্রান্তি ও নববর্ষে বৃষ্টির ভ্রুকুটি। কালবৈশাখীর সম্ভাবনা জেলায় জেলায়। সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এপ্রিলের মাঝামাঝি চলে এলেও তীব্র দাবদাহ থেকে স্বস্তিই মিলেছে। এখনও পর্যন্ত খুব কমই ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা পৌঁছেছে দক্ষিণবঙ্গে। মোটের উপর মনোরম আবহাওয়াই রয়েছে বঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দুপুর থেকে আকাশ মেঘলা হয়ে আসতে পারে। বিকেলের দিকে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। সন্ধেয় কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে বেশকিছু জেলায়। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়া বইতে পারে।

পাশাপাশি, ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কালবৈশাখীর ফলে কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও বিকেল থেকেই ঝড় বৃষ্টি হতে পারে। রাতের দিকেও ঝড় হতে পারে। মঙ্গলবার অল্পবিস্তর বৃষ্টি হলেও বুধবার ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সপ্তাহান্তে বেশি পরিমাণ বৃষ্টি হবে মহানগরে।
আপাতত তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই। কলকাতার আবহাওয়াও মোটামুটি মনোরমই রয়েছে। দাবদাহের চোখরাঙানি এখনও পর্যন্ত টের পাওয়া যাচ্ছে না। সোমবার কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সোমবার বৃষ্টির পর মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা কমে ৩২ ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়াতে পারে। সপ্তাহান্তে ফের ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।
বিহার থেকে ঝাড়খণ্ডের উপর দিয়ে ওডিশা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। আবার মধ্যপ্রদেশ থেকে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে। আর তাই গরমের দাপট সরিয়ে এখন বৃষ্টির ভ্রুকুটি রাজ্য জুড়ে। গত সপ্তাহ থেকেই কালবৈশাখী তথা ঝড় বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলায়।
সোমবার উত্তরবঙ্গে তেমন কালবৈশাখী বা ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সোমবার শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির জেরে সামান্য কমতে পারে শিলিগুড়ির তাপমাত্রা।












Click it and Unblock the Notifications