West Bengal Weather: রাতের বৃষ্টিতে স্বস্তি ৫ জেলায়! বুধবার-বৃহস্পতিবার বাংলার ৪ জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা
West Bengal Weather: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে আপাতত তার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সতর্ক করে বলেছে বুধবার ও বৃহস্পতিবার চার জেলায় তাপপ্রবাহ চরম আকাশ ধারণ করতে পারে।
মঙ্গলবার রাজ্যের চার জায়গায় তাপপ্রবাহ চরম আকার নিয়েছিল। এর মধ্যে রয়েছে ডায়মন্ডহারবার (৪১ ডিগ্রি), দিঘা (৩৯.৮), হলদিয়া (৪০.৯), সাগর (৩৯.৫)। এছাড়া তাপপ্রবাহ চলে মালদা (৪০.৮), ক্যানিং (৪১), কাঁথি (৪১) এবং পানাগড়ে (৪০.৮)। মঙ্গলবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মেদিনীপুরে (৪১.২)। মঙ্গলবার রাতের দিকে বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হয়।

বুধবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন শুধুমাত্র দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তার মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ওইদিন দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। আর উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ আর মালদহে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় অন্য জেলাগুলির আবহাওয়া শুকনো থাকলেও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ আর মালদহে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
বুধবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি বৃহস্পতিবার এবং শুক্রবারেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এর মধ্যে বুধবার ও বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের চরম সতর্কতা হিসেবে লাল সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে চলেছে। রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৭ শতাংশ, সর্বনিম্ন ৩৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
আপাতত আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়বে, তবে তারপর তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৭.৮)
দমদম (২৭.৮)
দিঘা (২৫.৩)
মেদিনীপুর (২৭.৫)
কৃষ্ণনগর (২৭.২)
বাঁকুড়া (২৫.১)
শ্রীনিকেতন (২২.৬)
বহরমপুর (২৮)
বর্ধমান (২৫)
পানাগড় (২৬.৩)
আসানসোল (২৬.৯)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং (১৩.৬)
কালিম্পং (১৯)
কোচবিহার (২২.৯)
মালদহ (২৮.২)












Click it and Unblock the Notifications