Panchayat Election 2023: তৃণমূলে বিদ্রোহী বিধায়কদের সংখ্যা বাড়ছে, পঞ্চায়েতের মুখে বেসুরো আরো এক
পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই বিদ্রোহ বাডছে তৃণমূলে। ইসলামপুরের সংখ্যালঘু বিধায়ক আবদুল করিমের পর মুর্শিদাবাদের চার বিধায়ক বেসুরো হয়েছিলেন। মাঝে হুগলির বলাগড়ে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী দুই দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।
এবার বেসুরোদের তালিকায় যুক্ত হলেন আরো এক তৃণমূল বিধায়ক। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা বেসুরো বাজতে শুরু করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি সমস্ত দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন না।

অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে বারবার তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকট হয়ে উঠেছে। নিজের গোষ্ঠীর নেতা না হলে বিধায়করা হয়ে পড়ছেন প্রচার বিমুখ। দীর্ঘদিন ধরে তৃণমূলে স্বঘোষিত বিদ্রোহী ইসলামপুরের বিধায়ক আবদুল করিম। তিনি পঞ্চায়েত নির্বাচনে অবস্থান নিয়েছেন নির্দল দাঁড় করানোর, নির্দলের হয়ে প্রচার করার।
আবার মুর্শিদাবাদেও টিকিট বিতর্ক চরমে উঠেছে। জেলা সভানেত্রী ও চেয়ারম্যানের বিরুদ্ধে তোপ দেগে হুমায়ুন কবীর-সর চার বিধায়ক সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের সমর্থনে প্রচারে নামবেন না। কেননা তাঁদের মনোনীত কোনো প্রার্থী নেই। জেলা সভানেত্রী ও চেয়ারম্যান তাঁদের অন্ধকারে রেখে টিকিট বণ্টন করেছেন।
একইভাবে টিকিট বণ্টন নিয়ে বিতর্কের জেরেই দলীয় পদ থেকে অব্যহত নিয়েছেন হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ভাবনা রয়েছে তাঁর, তাও জানিয়েছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন গিয়াসউদ্দিন মোল্লা।

এখানে লক্ষ্যণীয় যে, তৃণমূলের সংখ্যালঘু বিধায়করাই বেশিমাত্রায় বিদ্রোহী হচ্ছেন। পঞ্চায়েত ভোটে বিধায়কদের এই বেসুরো হওয়ার ঘটনা রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। এই বিদ্রোহ আসন্ন পঞ্চায়েতে নির্বাচনে তো বটেই, লোকসভা নির্বাচনেও বিরূপ বিরূপ প্রভাব ফেলতে পারে।
মুর্শিদাবাদে সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর পঞ্চায়েত ভোট হচ্ছে। তবে সাগরদিঘি মডেল কোথাও প্রয়োগ করা যায়নি। কিন্তু সাগরদিঘিতে দেখা গিয়েছিল সংখ্যালঘুরা মুখ ফেরাতে শুরু করছ তৃণমূল থেকে। পঞ্চায়েতের প্রাক্কালে দেখা যাচ্ছে সংখ্যালঘু বিধায়করা মুখ ফেরাচ্ছেন।
এখন দেখার সংখ্যালঘুদের এইভাবে সরে যাওয়া সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তৃণমূলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় কি না। তৃণমূল চাইছে, পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়লাভ করে আসন্ন লোকসভা নির্বাচনে নামতে। কিন্তু তৃণমূলের বিধায়কদের বারবার বিদ্রোহী হয়ে ওঠা অশনি সংকেত দিচ্ছে।
তৃণমূল এই অশনি সংকেতের পর কী পদক্ষেপ নেয়, কীভাবে বেসুরো বিধায়কদে সামলে ভোটমুখী করে তুলতে পারে, তাদের প্রচারে এনে সঙ্ঘবদ্ধ লড়াই দিতে পারে, তার উপর নির্ভর করবে তৃণমূলের ভবিষ্যৎ। এখন পঞ্চায়েতের মুখে প্রকট হওয়া দলের কোন্দল মেটানোই তৃণমূলের সাফল্য ও ব্যর্থতার মাপকাঠি।












Click it and Unblock the Notifications