অপেক্ষার অবসান! এই দিন থেকেই মিলবে 'যুব সাথী'র ১৫০০ টাকা, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
আর অপেক্ষা নয়। আগামী ১ এপ্রিল থেকেই 'যুব সাথী' প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে এই বড় ঘোষণাটি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী জানান যে, নতুন অর্থবর্ষ ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। আর সেই কারণেই এইদিন থেকে বেকার যুবক-যুবতীদের প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হবে। আগে এই প্রকল্পটি ১৫ অগস্ট থেকে চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেই দিন এখন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগেও বাজেট অধিবেশনে অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় যুব সাথী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানানো হয়েছিল যে, ২১-৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা মাসে ১,৫০০ টাকা করে করে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত ভাতা পাবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যে সমস্ত যুবকরা মূলত চাকরি খুঁজে চলেছেন সেই সমস্ত তরুণদের এই চাকরি খোঁজার সময়ে আর্থিক সহায়তার জন্য এই অর্থ দেওয়া হবে। যেহেতু মহিলাদের এখন জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রয়েছে, তাই বাংলার 'যুব সাথী' প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে বেকার যুবকদের পাশে দাঁড়ানোই সরকারের একমাত্র লক্ষ্য।
তবে ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে এইরকম ঘোষণা নিয়ে উঠেছিল প্রশ্ন। সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে, ১ এপ্রিল থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এবং পাঁচ বছর ধরে এই সুবিধা চলমান থাকবে। পরিস্থিতি দেখে পরে আবার পর্যালোচনা করা হবে।
কীভাবে আবেদন করা যাবে?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই মোট ২৯৪টি ক্যাম্প বসবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ওই ক্যাম্পে গিয়ে আবেদন করা যাবে। খুব তাড়াতাড়িই সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এই বিষয়ে বিস্তারিত সমস্ত কিছু জানানো হবে।
আবেদন যাচাই হয়ে যাওয়ার পর, ১ এপ্রিল থেকেই যোগ্য যুবক এবং যুবতীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলেও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications