কেন্দ্রের আগেই সেপ্টেম্বরের বেতন দেবে রাজ্য, পুজোয় কর্মচারীদের স্বস্তি দিতেই মমতা-সরকারের পদক্ষেপ
কেন্দ্রীয় সরকারের চেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ সরকার। অন্তত দুর্গাপুজোর আগে চলতি সেপ্টেম্বর মাসের বেতন, সাম্মানিক, মজুরি দেওয়ার ক্ষেত্রে।
গতকালই পশ্চিমবঙ্গে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন, সাম্মানিক, পেনশন ২৬ সেপ্টেম্বরের আগেই দেওয়ার নির্দেশিকা জারি হয়েছিল। তার কিছু পরেই সামনে আসে রাজ্য সরকারের নির্দেশিকা।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীরা ২৬ সেপ্টেম্বরের আগে তাঁদের সেপ্টেম্বর মাসের বেতন, সাম্মানিক, মজুরি পেয়ে যাবেন। রাজ্য অর্থ দপ্তর গতকাল একটি নির্দেশিকাও জারি করেছে।
রাজ্য সরকারি কর্মচারীরা ২৪ এবং ২৫ সেপ্টেম্বর তাঁদের সেপ্টেম্বর মাসের বেতন পাবেন। শুধু নিয়মিত বেতন নয়, এর মধ্যে অনুদান, মজুরি, পারিশ্রমিক, উপবৃত্তি এবং সাম্মানিকও অন্তর্ভুক্ত থাকবে।
তবে পেনশনভোগীরা তাঁদের পেনশন ১ অক্টোবর পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রাজ্য সরকারের এক শীর্ষ আধিকারিকের কথায়, "বাংলার সবচেয়ে বড় উৎসবের আগে কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" এ ছাড়াও, রাজ্য সরকার ঘোষণা করেছে যে 'লক্ষ্মীর ভান্ডার' এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের অধীনে সরাসরি সুবিধা হস্তান্তর (DBT)-এর অর্থ ১ অক্টোবর উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
অর্থ দফতর সংশ্লিষ্ট ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার (DDO) এবং বিভিন্ন বিভাগের জমা অ্যাকাউন্টের প্রশাসকদের বিল এবং পরামর্শ দ্রুত ট্রেজারিতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, যাতে সময় মতো অর্থ প্রদান নিশ্চিত করা যায়। এ বছর ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজো রয়েছে।












Click it and Unblock the Notifications