ফোকাসে নন্দীগ্রাম! বাংলার রাজনৈতিক মোড় ঘোরানো হাতিয়ার এখন মমতার হাতে
নন্দীগ্রাম দিবস৷ ২০০৮ সাল থেকে যে দিনটির তাৎপর্য তৃণমূল কংগ্রেসের কাছে অপরিসীম৷ এবার নির্বাচনী আবহে সেই তাৎপর্য আরও কয়েকগুন বেড়ে গিয়েছে৷ আর তাতে নতুন মাত্রা যোগ হতে চলেছে৷ এবার সেই নন্দীগ্রাম দিবসেই ইস্তাহার প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের সূত্র থেকে অন্তত তেমনটাই জানা গিয়েছে৷

২০০৭ সালের ১৪ মার্চ
২০০৭ সালের ১৪ মার্চ৷ পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম উত্তপ্ত হয়ে উঠেছিল জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে৷ তার আগে থেকেই অবশ্য উত্তেজনার পারদ চড়েছিল ওই এলাকায়৷ তৎকালীন বাম সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি গড়ে আন্দোলন চলছিল৷ ২০০৭ সালের ১৪ মার্চ পুলিশের সঙ্গে মূলত ওই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিরই খণ্ডযুদ্ধ হয়৷

পুলিশের গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু
সেদিন পুলিশের গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয় বলে অভিযোগ৷ অনেকে নিখোঁজ হয়ে যান৷ তার পর নন্দীগ্রামের আন্দোলনকে পুঁজি করে বাংলার রাজনীতিতে তৃণমূলের শক্তিবৃদ্ধি হতে শুরু করে৷ ভোটের রাজনীতিতেও বামেদের ক্রমশ পিছনে ফেলতে শুরু করে তৃণমূল৷ সিঙ্গুরের সঙ্গে নন্দীগ্রামও ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের বাংলায় ক্ষমতায় আসতে সাহায্য করেছে৷

নন্দীগ্রাম বরাবর তৃণমূলের কাছে আলাদা গুরুত্ব পায়
তাই নন্দীগ্রাম বরাবর তৃণমূলের কাছে আলাদা গুরুত্ব পায়৷ কিন্তু গত কয়েক মাসে সেই নন্দীগ্রাম আবার আলোচনার কেন্দ্রে৷ কারণ, নন্দীগ্রামে সেদিনের আন্দোলনের কৃতিত্ব কার, তা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে৷ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী বারবার দাবি করছেন যে ওই আন্দোলনে তাঁরই কৃতিত্ব সবচেয়ে বেশি৷

বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেদিন নন্দীগ্রামের মানুষ বাম সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন৷ তাই আন্দোলনে মমতার একার কৃতিত্ব রয়েছে বলে দাবি করছে তৃণমূল৷ আর সেটা প্রমাণ করতে নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী হয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বিরুদ্ধে লড়াইয়ে রয়েছেন বিজেপির শুভেন্দুর অধিকারীও৷ তাই এবার ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসের গুরুত্ব তৃণমূলের কাছে স্বাভাবিক ভাবেই অনেক বেশি৷ সম্ভবত সেই কারণে তৃণমূল এবার ইস্তাহারও ১৪ মার্চ প্রকাশ করতে চলেছে৷ তৃণমূল কংগ্রসের সূত্র থেকে এই খবর পাওয়া গিয়েছে৷












Click it and Unblock the Notifications