Weather update: ফেব্রুয়ারির শেষেও জাঁকিয়ে ঠান্ডা, শীত থাকবে কতদিন? কী বলছে হাওয়া অফিস
Weather update: ফেব্রুয়ারির শেষেও জাঁকিয়ে ঠান্ডা, শীত থাকবে কতদিন? কী বলছে হাওয়া অফিস
আপাতত শীত যাওয়ার নাম গন্ধ নেই। মাঘের শেষে কাঁপাবে শীত। আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতই তাপমাত্রার পারদ পতন জারি রয়েছে। দিনের বেলা রোদের তাপে শীত কম লাগলেও সূর্য ডুবলেই কাঁপাচ্ছে শীত। ফেব্রুয়ারি শেষ হতে চলেছে তারপরেও লেপ গায়ে দিতে হচ্ছে শহরবাসীকে। এর আগে খুব কমই ফেব্রুয়ারি মাসে এতটা এতদিন শীত থাকে।

জারি থাকবে শীত
ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ হয়ে গেলেও শীত কমছে না। রাতে এখনও লেপ গায়ে দিতে হচ্ছে। বিকেল থেকে বাইরে বেরোলে ভালই ঠান্ডা লাগছে। সোয়েটার চাদর টুপি গায়ে চড়াতে হচ্ছে। হাওয়া অফিস বলছে প্রায় গোটা ফেব্রুয়ারি মাস জুড়েই থাকবে শীতের আমেজ। এখনই বিদায় নিচ্ছে না শীত। তবে আশার কথা বৃষ্টির চোখ রাঙানি তেমন থাকবে না। সেকারণেই আকাশ পরিষ্কার থাকবে আগামী কয়েকদিন। কাজেই শীত অনুভূত হবে ভাল মতই।

কতদিন থাকবে শীত
মাঘ মাস শেষ হতে চলেছে। তারপরেও শীত কমার লক্ষণ নেই। দিনের বেলার রোদের তাপে তাপমাত্রা বাড়লেও রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে। আবহাওয়া দফতর বলছে বাঙালির এই শীতের আরাম আর বেশি দিন স্থায়ী হবে না। শুক্রবার থেকেই তাপমাত্রার পারদ বাড়তে শুরু করবে। অর্থাৎ ধীরে ধীরে শীত বিদায় নিতে শুরু করবে। তবে আগামী ৪৮ ঘণ্টা খুব একটা আবহাওয়ার পরিবর্তন হবে না। আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আজ থেকে দার্জিলিং ও কালিম্পংয়ের দুই পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এবার উত্তরবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়েছে। নজিরবিহীন তুষারপাত হয়েছে দার্জিলিঙে।

শীতের ম্যারাথন ইনিংস
এই বছর যাকে বলে ম্যারাথন ইনিংস হয়েছে শীতের। সেই অক্টোবর মাস থেকে শীতের আমেজ পড়তে শুরু করেছিল। সেটা এখনও পর্যন্ত রয়েছে। তবে নাগাড়ে শীত উপভোগ করা যায়নি। মাঝে মাঝেই শীতের কাঁটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এবার যেন একটু বেশিই পশ্চিমী ঝঞ্ঝার কোপ পড়েছে রাজ্যে। দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে দুই বঙ্গ। তবে শীত যে এতদিন স্থায়ী হবে সেটা অনেকেই ভাবতে পারেননি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে মার্চ মাসের মাঝামাঝি থেকেই গরম অনুভূত হতে শুরু করবে।












Click it and Unblock the Notifications