আবহাওয়ার খবর: জাঁকিয়ে শীতের কাউন্টডাউন শুরু! পূর্বাভাস একনজরে
অপেক্ষা শুরু হয়েছে। খাস্তা কচুরীর সঙ্গে শিশিরভেজা ভোরে মর্নিং ওয়াক সেরেই আলুরদমে বাঙালির রসনা তৃপ্তি করার দিন এগিয়ে আসছে। আর এই রম্বিনেশনে যদি নলেন গুড়ের রসগোল্লা জুড়ে যায় তো কথাই নেই! শীতকালের যাবতীয় উপাদানকে তিলে তিলে উপভোগ করতে তৈরি হচ্ছে শহর কলকাতা। কারণ, ইতিমধ্যেই ভোরে গায়ে চাদর না দিলে শহর থেকে মফস্বলে স্বস্তি মিলছে না। শুষ্ক আবহাওয়ার দাপট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা আরও নামবে, বলে জানা গিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, আবহাওয়ার পূর্বাভাস।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গ আপাতত শুষ্ক আবহাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে, সপ্তাহ শেষে আবহাওয়া উত্তরবঙ্গে বেড়ানোর জন্য যোগ্য় হয়ে উঠবে বলে জানা গিয়েছে। আপাতত উত্তরবঙ্গ কুয়াশা চাদরে নিজেকে মুড়ে ফেলবে বলে জানান দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। ফলে রডোডেনড্রোন থেকে শুরু করে ইউক্যালিপটাসরা উত্তরবঙ্গে কুয়াশা মোড়া ভোর উপহার দিতে চলেছে পর্যটকদের। এদিকে, আবহাওয়ার পূর্বাভাস বলছে, উত্তরে এবার ধীরে ধীরে রাতের তাপমাত্রা নামতে শুরু করবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তরের ছন্দে ছন্দ মিলিয়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও আবহাওয়ার পূর্বাভাস বলছে শুষ্ক আবহাওয়া আসন্য। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, হালকা কুয়াশা থাকবে, নামতে শুরু করবে তাপমাত্রা। কয়েকদিনে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি নামবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নেমে যেতে পারে বলে জানা যাচ্ছে।

কলকাতার তাপমাত্রা কোনপথে?
এদিকে শহর কলকাতায় তাপমাত্রা হুহু করে নামতে শুরু করে দিয়েছে। শহরের তাপমাত্রা এবার ২০ ডিগ্রির নিচে নামার কথা বলে জানা গিয়েছে। ফলে হাফহাতা সোয়েটারে যে বেশিদিন আর চলবে না, তা জানান দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে, সকালের দিকে শীতের অনুভূতি থাকলেও, রাতের দিকে তা থাকছে না। বেলা গড়াতেই শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে না। তবে ধীরে ধীরে সেই জায়গাও দখল করে নেবে শীতকাল। ফল কব্জি ডুবিয়ে খাসির মাংস , নলেন গুড়ের মিষ্টি খাওয়ার দিন খুব শিগগিরিই উপভোগ করতে চলেছেন কলকাতাবাসী। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিন ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তা ৩ ডিগ্রি নেমে গিয়েছে।

বৃষ্টি পিছু ছাড়ছে না!
যেখানে দেশের বিভিন্ন শহরে বিশেষত উত্তর ভারত জুড়ে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি শুরু হতে চলেছে, সেখানে দক্ষিণ ভারতের একাধিক জায়গায় প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি হয়ে গিয়েছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু সহ একাধিক দক্ষিণভারতের রাজ্যেও রয়েছে প্রবল বর্ষণের পূর্বাভাস। আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হতেই সংলগ্ন উপকূলবর্তী রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications