West Bengal Weather: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহভর কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? একনজরে আপডেট
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের নির্দিষ্ট কিছু এলাকায় আগামী কয়েকদিনও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মৌসুমী অক্ষরেখা বর্তমানে স্বাভাবিক অবস্থান থেকে কিছুটা দক্ষিণ দিকে সরে বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত। এই অনুকূল পরিস্থিতিতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় বৃষ্টির সম্ভাবনা আরও বেড়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উপরের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় একটানা বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কাও রয়েছে।
দক্ষিণবঙ্গের উপকূলীয় ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে।
কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে। শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, রবিবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে বলেই আপাতত পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ সক্রিয় থাকার কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।












Click it and Unblock the Notifications