Weather Alert: বাঁকুড়া-পুরুলিয়ায় তাপমাত্রা ১৫-র নিচে! শীতের পথে বাধা হবে নাতো নিম্নচাপ, বাড়ছে শঙ্কা
Weather Alert: মরসুমে প্রথমবারের জন্য বাঁকুড়া-পুরুলিয়ার তাপমাত্রা নেমে গিয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তাপমাত্রা কুড়ির নিচে নেমেছে কলকাতাতেও। তবে এই শীতের আমেজ স্থায়ী হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মূলে রয়েছে বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপ।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৫ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে ২৬ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার ওপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।

এই নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৭ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে গভীর নিম্নচাপ তৈরি করতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা, ঘূর্ণিঝড় তৈরি হলে তার অভিমুখ কোন দিকে হবে, তা নিয়ে এখনও কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।
অক্টোবরের শুরুতে ঘূর্ণিঝড় হামুনের পরে নভেম্বরে ঘূর্ণিঝড় মিধিলির সঙ্গে পরিচিত হয়েছেন অনেকেই। এই দুই ঘূর্ণিঝড়ের ছোঁয়া থেকে বেঁচেছে পশ্চিমবঙ্গ। ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বাধা পেয়েছিল উত্তরে হাওয়া।
এবারের নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা কিংবা তা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। আবহাওয়া দফতরের অধিকর্তার ভাষায়, নিম্নচাপ তৈরি হতে দেরি আছে। সেটি তৈরির হওয়ার পরে তা কোন দিকে যাবে তার ওপরে অনেক কিছু নির্ভর করে।
তবে ঘূর্ণিঝড় তৈরি হোক কিংবা না হোক পশ্চিমবঙ্গের উপকূলে গভীর নিম্নচাপ এলেই তা উত্তরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া স্থলভাগের ওপরে আসবে। সেক্ষেত্রে স্থায়ীভাবে শীত আসার পথে তা বাধা হয়ে দাঁড়াবে।
প্রসঙ্গ উল্লেখ্য এদিন পশ্চিমের জেলাগুলি এবং উত্তরবঙ্গের সমতলের বিভিন্ন জায়গার ন্যূনতম তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে রয়েছে। আসানসোলে ১৫.৬ (১৮), বাঁকুড়ায় ১৪.৫ (১৬.৯), বর্ধমানে ১৬ ( ১৮), কোচবিহারে ১৫.৩ (১৭), পুরুলিয়ায় ১৪.৯ , শ্রীনিকেতনে ১৪ ( ১৬.২) ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।












Click it and Unblock the Notifications