ভোটের আগে কমিশনের সিদ্ধান্তে বদল! দুই আইপিএসের বদলি স্থগিত, পদে বহাল বিধাননগর-শিলিগুড়ির সিপি
রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission of India)। সম্প্রতি অন্য এক রাজ্যে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দুই শীর্ষ পুলিশ আধিকারিক মুরলিধর শর্মা এবং আইপিএস ওয়াকার রাজাকে পাঠানোর কথা জানানো হয়েছিল। তবে নির্বাচন কমিশন পরে সেই নির্দেশটি প্রত্যাহার করে আপাতত তাঁদের বর্তমান পদেই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

কমিশনের নির্দেশে এর আগেও রাজ্যের একাধিক শীর্ষ পুলিশ আধিকারিককে তাঁদের দায়িত্ব থেকে সরানো হয়েছিল। কয়েকজন পুলিশ সুপার, একাধিক নগর পুলিশের কমিশনার এবং কলকাতা পুলিশের এক ডেপুটি কমিশনারকেও তাঁর পদ থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে, পরে রাজ্য প্রশাসন তাঁদেরও বিকল্প দায়িত্ব দেয়।
কিন্তু ওই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই আবার কমিশনের নতুন নির্দেশ আসে। তাতে জানানো হয় যে, সরিয়ে দেওয়া বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে অন্য রাজ্যে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে পাঠানো হবে। সূত্রের খবর অনুসারে, তাঁদের মধ্যে কয়েকজনকে আবার তামিলনাড়ু, কেরল ও অসমে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
তবে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন মুরলিধর শর্মা এবং ওয়াকার রাজার ক্ষেত্রে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। আপাতত জানানো হয়েছে যে, তাঁরা যথাক্রমে বিধাননগর এবং শিলিগুড়ির নগর পুলিশের কমিশনার পদেই দায়িত্ব পালন করবেন।
এদিকে আবার সূত্রের খবর অনুসারে, শুধু পুলিশ প্রশাসনই নয়, রাজ্যের কিছু বড় প্রশাসনিক আধিকারিককেও নির্বাচনের সময়ে অন্য রাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর প্রস্তুতি চলছে।












Click it and Unblock the Notifications