ঈশ্বর-আল্লার আশীর্বাদ রয়েছে মাথার উপর, বড় ‘বিপদ’ থেকে বাঁচলেন মমতার প্রিয় ‘কেষ্ট’
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবার বীরভূমের রামপুরহাটে অনুব্রত মণ্ডলের গাড়ির সঙ্গে সংঘর্ষ বাধার উপক্রম হয় একটি ডাম্পারের।
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবার বীরভূমের রামপুরহাটে অনুব্রত মণ্ডলের গাড়ির সঙ্গে সংঘর্ষ বাধার উপক্রম হয় একটি ডাম্পারের। তবে অনুব্রত-র গাড়ির চালকের তৎপরতায় কোনওমতে এড়ানো যায় দুর্ঘটনা। ডাম্পারটি অনুব্রতর গাড়ির লুকিং গ্লাসে ধাক্কা মারে। ফলে শুধু লুকিং গ্লাসটিই ভাঙে। অন্য কোনও ক্ষতি হয়নি। সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন অনুব্রত মণ্ডল।

শনিবার অনুব্রত বীরভূমের মুরারইয়ে একটি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। সেই সম্মেলন থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে তৃণমূল জেলা সভাপতির গাড়ি। রামপুরহাটে ঢোকার মুখে ডাম্পারটি লেন ভেঙে অনুব্রত মণ্ডলের গাড়ির মুখোমুখি হয়ে যায়। কোনওরকমে পাশ কাটিয়ে দুর্ঘটনা এড়ান চালক। অনুব্রতবাবুর গাড়ির লুকিং গ্লাসটি ভেঙে যায়। এরপর পুলিশ ডাম্পারটিকে আটক করে।
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে অনুব্রত মণ্ডল বলেন,'ঈশ্বর যতদিন রাখবেন, ততদিন পৃথিবী থেকে কেউ আমাকে সরাতে পারবে না। মা তারার আশীর্বাদ আমার সঙ্গে আছে। আমার সঙ্গে ঈশ্বর রয়েছেন, আমার সঙ্গে আল্লাও রয়েছেন। ফলে কোনও কিছুই আমার ক্ষতি করতে পারবে না।'
দিন সাতেক আগে তৃণমূল জেলা সভাপতির নিরাপত্তা বাড়ানো হয়েছিল। তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। তাঁর কনভয়ের সামনে ও পিছনে থাকছে পাইলট কার। তবু তার মধ্যে কী করে ডাম্পার ঢুকে গেল তা নিয়েই প্রশ্ন উঠে পড়েছে। পুলিশ এই বিষয়টি খতিয়ে দেখছে।












Click it and Unblock the Notifications