অমিত শাহের হাত থেকেই নেবেন পতাকা! সময় ঠিক করে ফেললেন সব্যসাচী দত্ত
শেষ পর্যন্ত বিজেপি যাওয়ার স্থান, দিন, সময় ঠিক করে ফেললেন তৃণমূল বিধায়ক তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। সূত্রের খবর অনুযায়ী, ১ অক্টোবর বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী।
শেষ পর্যন্ত বিজেপি যাওয়ার স্থান, দিন, সময় ঠিক করে ফেললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। সূত্রের খবর অনুযায়ী, ১ অক্টোবর বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী। অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেবেন।

বিজেপিতে যাচ্ছেন সব্যসাচী
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ বিধাননগরে একটি মিছিলে যোগ দেবেন সব্যসাচী দত্ত। এরপর বিকেল ৪ টেয় নেতাজি ইন্ডোরে যাবেন তিনি। আগেই সেখানে এনআরসি নিয়ে এক সভায় যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁর কাছ থেকেই পতাকা তুলে নেবেন সব্যসাচী দত্ত।

সব্যসাচীর গণেশ পুজোয় দিলীপ ঘোষ, মুকুল রায়
সম্প্রতি সব্যসাচী দত্তের গণেশ পুজোয় উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির সবাপতি দিলীপ ঘোষ এবং মুকুল রায়। আর গণেশ পুজোর প্যান্ডেলও ছিল পদ্মের আদলে তৈরি। তখন থেকেই জল্পনা তৈরি হয়েছিল কবে আসতে চলেছে সেই সময়।

লোকসভা ভোটের আগে বাড়িতে মুকুল রায়
লোকসভা ভোটের ঠিক আগে ৯ মার্চ মুকুল রায় গিয়েছিলেন সব্যসাচী দত্তের বাড়ি। সেই সময় থেকেই বিতর্ক তৈরি হয়। এরপরেই শ্রীভূমি ক্লাবে বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছিলেন ফিরহাদ হাকিম। সেই সময় সব্যসাচী দত্ত জানিয়েছিলেন দলে কথা মেনে চলবেন তিনি।

লোকসভা ভোটের পর আক্রমণ সুজিত বসু, শোভনদেব চট্টোপাধ্যায়কে
লোকসভা ভোটের পর সব্যসাচী দত্ত বিধাননগরের বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসুকে নাম না করে আক্রমণ করেছিলেন নিজের বিধানসভা এলাকায় এগিয়ে না থাকতে পারা নিয়ে। পরবর্তী সময়ে বিদ্যুৎকর্মীদের নিয়ে বিদ্যুৎ ভবন ঘেরায়ের নেতৃত্ব দেন। প্রকাশ্যে বিদ্যুৎমন্ত্রীকে কটাক্ষও করেন তিনি। এরপরেই কাউন্সিলররা মিলিতভাবে সব্যসাচী দত্তের বিরুদ্ধে অভিযোগ জানান। বিধাননগরের তৃণমূল কাউন্সিলরদের প্রায় সবাই সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা জানান। অনাস্থা ভোটে যাওয়ার আগেই পদত্যাগ করেন সব্যসাচী। তবে পদত্যাগ করেই দুর্নীতি ইস্যুতে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন সব্যসাচী দত্ত। প্রশ্ন তোলেন দলের বিভিন্ন কার্যকলাপ নিয়ে।












Click it and Unblock the Notifications