প্রয়াগরাজে ৫ জনকে কুপিয়ে খুন, বাংলায় ৩৫৫-৩৫৬ ধারার ‘প্রবক্তা’দের খোঁটা কুণালের
প্রয়াগরাজে ৫ জনকে কুপিয়ে খুন, বাংলায় ৩৫৫-৩৫৬ ধারার ‘প্রবক্তা’দের খোঁটা কুণালের
একই পরিবারের পাঁচ জনকে কুপিয়ে খুন করা হয়েছে প্রয়াগরাজে। যাঁরা বাংলায় এতদিন ৩৫৫ ও ৩৫৬ ধারা নিয়ে চিৎকার করছিলেন উত্তরপ্রদেশের এমন ঘটনায় কী বলবেন? উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ঘটনা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি তাঁর চাঁছাছোলা বক্তব্যে কাঠগড়ায় তুললেন বিজেপিকে।

শনিবার প্রয়াগরাজে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে খুন করা হয়েছে। তার মধ্যে রয়েছে ২ বছরের এক শিশুও। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সকালে এই বাড়ি থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। তারপর বাড়ির সামনে গিয়ে স্থানীয়রা দেখতে পান, সেখানে পড়ে রয়েছে পাঁচ জনের মৃতদেহ। তার মধ্যে রয়েছে একটি শিশু।
এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলে দেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, এই ঘটনা বলে দেয় উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। যাঁরা বাংলায় ৩৫৫ ও ৩৫৬ ধারা প্রয়োগ নিয়ে এতদিন চিৎকার করছিলেন তাঁরা এখন কোথায়। তাঁরা এখন আর মুখ থেকে রা কাটছেন না কেন। যাঁরা বাংলায় ৩৫৫, ৩৫৬ ধারা জারির কথা বলছিলেন, তাঁরা এবার দয়া করে উত্তরপ্রদেশেও ৩৫৫ ও ৩৫৬ ধারা জারির কথা বলুন।
কুণা ঘোষ বলেন, কোথায় গেল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিজেপি প্রয়াগরাজে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাবে না। নাকি যোগী-রাজ্যের বেলায় সাত খুন মাপ। এদিন যে মর্মান্তিক ও হিংসাশ্রয়ী ঘঘটনা ঘটেছে, তা ক্ষমাহীন। প্রথমে কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। পাথর ছুঁড়ে মারা হয়েছে। তারপর কোনও ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে দেওয়া হয়েছে। তবে কী কারণে এই হত্যা তা এখনও স্পষ্ট নয়।
কুণাল ঘোষ কটাক্ষের সুরে বলেন, পাথর ছুড়ে একই পরিবারের ৫ জনকে হত্যা ভাবাই যায় না। পৈশাচিক গণহত্যা। কোনওমতেই দায় এড়াতে পারে না যোগী সরকার। এখন কী বলবেন এই বিজেপি নেতারা? যাঁরা এতদিন বাংলায় ৩৫৫, ৩৫৬ ধারা নিয়ে গলা ফাটাচ্ছিলেন যোগী-রাজ্যের বেলায় তাঁরা চুপ।
বিজেপিশাসিত রাজ্যে গণহত্যা, সন্ত্রাস, নারী নির্যাতন, তফশিলি জাতির উপর অত্যাচার, সব শ্রেণির মানুষের উপর অত্যাচার চলছে। মধ্যযুগীর বর্বরতায় খুন হচ্ছে একই পরিবারের পাঁচজন। শিশু ও নারী কেউই বাদ যাচ্ছেন না। এ বেলা ৩৫৫, ৩৫৬, গণতন্ত্র, মানবাধিকার সব কোথায় গেল।
তিনি বলেন, যাঁরা বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবিতে এতদিন সরব হচ্ছিলেন, তাঁরা কি এখন চোখে ঠুলি গুঁজে বসে আছেন? এদিন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব বলেন, উত্তরপ্রদেশ অপরাধে ডুবছে। আর বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনার প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে।












Click it and Unblock the Notifications