২০১৯-এ কলকাতা ও শহরতলির চার কেন্দ্রে জিতছে কে, একনজরে সমীক্ষার ফল
বিভিন্ন সংস্থা জনমত সমীক্ষায় আভাস দিয়েছে সম্ভাব্য ফলাফলের। এবার এসি নিয়েলসনের সমীক্ষায় কী উঠে আসছে লোকসভা ভোটের সম্ভাব্য ফল, দেখে নেওয়া যাক এক নজরে।
দোরগোড়ায় চলে এসেছে ২০১৯ লোকসভা ভোট। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের কোনও দল কতগুলি আসন দখল করবে, তা নিয়ে চলছে নানা জল্পনা। ইতিমধ্যে বিভিন্ন সংস্থাও জনমত সমীক্ষায় আভাস দিয়েছে সম্ভাব্য ফলাফলের। এবার এসি নিয়েলসনের সমীক্ষায় কী উঠে আসছে লোকসভা ভোটের সম্ভাব্য ফল, দেখে নেওয়া যাক এক নজরে।

নজরে কলকাতা ও কলকাতা সংলগ্ন ৪ কেন্দ্র
রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে বিজেপি। শাসকদল তৃণমূলকে তাঁরা চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক দক্ষিণ কলকাতা ও উত্তর কলকাতাতেও শক্তি বাড়িয়েছে বিজেপি। এই দুই কেন্দ্র এবং কলকাতা সংলগ্ন দুই কেন্দ্র যাদবপুর ও দমদমের সম্ভাব্য ফলের ইঙ্গিত দিল এই সমীক্ষা।

দক্ষিণ কলকাতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বলেই পরিচিত এই দক্ষিণ কলকাতা। এই কেন্দ্র থেকে ৬ বার জয়ী হয়েছেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী। তারপর তৃণমূলের সুব্রত বক্সি সাংসদ নির্বাচিত হন। এবার এই কেন্দ্রে জয়ী হওয়ার সম্ভাবনা তৃণমূল প্রার্থী মালা রায়ের। বিজেপির প্রার্থী নেতাজির পৌত্র চন্দ্রকুমার বসু এই কেন্দ্রে দ্বিতীয় স্থান পেতে পারেন। তিনি পেতে পারেন ২৯ শতাংশ ভোট। সিপিএমের প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায় পেতে পারেন ১৯ শতাংশ। মিতা চক্রবর্তী কংগ্রেসের প্রার্থী পেতে পারেন ১০ শতাংশ ভোট। আর সম্ভাব্য বিজয়ী মালা রায় পেতে পারেন ৪০ শতাংশ ভোট।

উত্তর কলকাতা
উত্তর কলকাতা থেকে এবারও জিততে পারেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জয়ী হতে পারেন ৩৯ শতাংশ ভোট পেয়ে। দ্বিতীয় স্থানে থাকার সম্ভাবনা বিজেপি প্রার্থী রাহুল সিনহার। তিনি পেতে পারেন ৩১ শতাংশ ভোট। সিপিএমের প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ হতে পারে ১৫ আর কংগ্রেসের ১০ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারেন ৫ শতাংশ ভোট।

যাদবপুর
যাদবপুর কেন্দ্রটিও এবার যেতে পারে তৃণমূলের দখলে। এই কেন্দ্র থেকে ৩৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে পারেন তৃণমূলের অভিনেত্রী প্রার্থী মিমি চক্রবর্তী। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে থাকার সমূহ সম্ভাবনা বামফ্রন্ট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের। তিনি পেতে পারেন ৩১ শতাংশ ভোট। আর তৃণমূল-ছুট বিজেপি প্রার্থী অনুপম হাজরা পেতে পারেন ২৭ শতাংশ ভোট। কংগ্রেসের প্রাপ্ত ভোট এই কেন্দ্রে মাত্র এক শতাংশ।

দমদম
দমদম কেন্দ্র থেকে ফের জিততে পারেন সৌগত রায়। তিনি এই কেন্দ্র থেকে এবার বিজেপির প্রার্থী শমীক ভট্টাচার্যকে হারাতে পারেন। বামফ্রন্টের প্রার্থী নেপালদেব ভট্টাচার্য এই কেন্দ্রে তৃতীয় স্থানে থাকতে পারেন। তবে বিজেপির সঙ্গে ব্যবধান সামান্যই থাকবে। কংগ্রেস প্রার্থী সৌরভ সাহা সে অর্থে দাগ কাটতে পারবেন না এই কেন্দ্র থেকে।












Click it and Unblock the Notifications