অষ্টমী থেকেই দুর্যোগের আশঙ্কা, পুজোয় দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
পুজোর আনন্দে মেতে উঠেছে গোটা রাজ্য। সপ্তমীর রাতে এখনো পর্যন্ত কলকাতায় তেমন ঝড়বৃষ্টি হয়নি। ফলে শহর জুড়ে ভিড় উপচে পড়েছে প্যান্ডেলে প্যান্ডেলে। কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই স্বস্তি বেশিদিন টিকবে না। অষ্টমী থেকেই আবহাওয়ার ছবিটা পাল্টাতে চলেছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, অষ্টমীতেই উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে। এর জেরেই নবমী থেকে শুরু হবে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগ। কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি, দশমীতে রাজ্যের দক্ষিণ অংশ ভাসতে পারে অতি ভারী বৃষ্টিতে।
সপ্তমীর রাতে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রামে দু'এক পশলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও সতর্ক করেছে তারা।
অষ্টমীতে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আসল দুর্যোগ নামবে নবমী থেকে।
দশমী ও একাদশীতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দশমীর দিনে বিশেষ করে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস ইতিমধ্যেই ওই চার জেলায় কমলা সতর্কতা জারি করেছে। আবহাওয়ার এই পূর্বাভাসে আশঙ্কা বাড়ছে পুজোয় জনজীবন ও আনন্দ যাত্রা ব্যাহত হওয়ার।












Click it and Unblock the Notifications