পঞ্চায়েতে তুঙ্গে সন্ত্রাস, কাকদ্বীপে সস্ত্রীক সিপিএম নেতাকে জীবন্ত পুড়িয়ে খুন, দেখুন ভিডিও
পঞ্চায়েত ভোটের আগের রাতেই সিপিএম নেতা এবং তাঁর স্ত্রী-কে জ্যান্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা। কাকদ্বীপের ঘটনায় চাঞ্চল্য।
পঞ্চায়েত নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগেই নৃশংস হত্যাকাণ্ড। কাকদ্বীপের নামখানা ব্লকের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের কাছাড়ি বাড়ি গ্রামে সিপিএম নেতা দেবু দাস ও তাঁর স্ত্রী ঊষা দাসকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল। এই ঘটনায় স্থানীয় সিপিএম নেতৃত্ব তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে।

জানা গিয়েছে, রাত ১২ টা নাগাদ দেবু দাসের ঘরের ভিতরে বাঁশের জানলার ফাঁক দিয়ে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। ঘরে তখন ঘুমোচ্ছিলেন দেবু দাস এবং তাঁর স্ত্রী ঊষা দাস। পরিবারের অন্য সদস্যরাও অন্য ঘরে সব ঘুমোচ্ছিলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুন পুড়ে খাক হয়ে যান দেবু দাস ও তাঁর স্ত্রী ঊষা দাস। রাত দেড়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এলে ঘর থেকে দেবু দাস ও ঊষা দাসের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। আগুনে পুড়ো ঝলসে গিয়ে কাঠ হয়ে গিয়েছিল দুই মৃতদেহ। স্থানীয় সিপিএম নেতৃত্ব এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলে।
রাত ২টো নাগাদ সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন সিপিএম-এর দক্ষিণ ২৪ পরগনা জেলার সম্পাদক শমীক লাহিড়ি। এই অভিযোগপত্রে তিনি তৃণমূল কংগ্রেসের কয়েক জনের নামও উল্লেখ করেন। শমীক লাহিড়ি তাঁর করা অভিযোগপত্রে উল্লেখ করেন যে রবিবার সকাল থেকেই দেবু দাসকে প্রাণনাশের হুমকি দিচ্ছিল তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে তিনি স্থানীয় তৃণমূল প্রার্থী অমিত মণ্ডল এবং তাঁর সঙ্গীদের দিকে অভিযোগের আঙুল তোলেন। শমীক লাহিড়ির অভিযোগ, অমিত মণ্ডল এবং তাঁর কয়েক জন সঙ্গী- শিবপ্রসাদ মণ্ডল, চন্দন গিরি, এসকে মণিরুল, গোকুল জানারা সমানে দেবুকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরসঙ্গে স্থানীয় কিছু দুষ্কৃতী যারা তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে আছে বলে অভিযোগ শমীক লাহিড়ির, তারাও দেবুকে হুমকি দিচ্ছিল বলে তিনি পুলিশ সুপারকে দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করেছেন। তিনি অবিলম্বে অভিযুক্তের গ্রেফতারির দাবিও জানান।

দেবু দাস বুধাখালি গ্রাম পঞ্চায়েতের ২১৩ নম্বর বুথের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় সিপিএম কমিটির সদস্যও ছিলেন তিনি। যদিও, স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, শর্ট সার্কিট থেকে আগুন লেগে মৃত্যু হয়েছে সিপিএম নেতা দেবু দাস ও তাঁর স্ত্রী ঊষা দাসের। এদিকে, দেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় সিপিএম।












Click it and Unblock the Notifications