SSC case verdict: যোগ্যদের চাকরি বলি! "সম্পূর্ণ দায়ী মমতা," মুখ্যমন্ত্রীর গ্রেফতারি দাবি শুভেন্দুর
SSC Case Verdict: এসএসসি মামলায় ২৬ হাজারের চাকরি বাতিলেরই রায় শোনাল সুপ্রিম কোর্ট। এক্স পোস্টে এনিয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে শীর্ষ আদালত জানিয়েছে, গোটা নিয়োগ প্রক্রিয়াতেই জালিয়াতি হয়েছে। আর তারপর থেকেই রাজ্য সরকারকে তুলোধনা বিরোধীদের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে গোটা ঘটনার দায় নিতে হবে বলে একযোগে সুর চড়ালেন বিরোধীরা। এক্স পোস্টে একই দাবিতে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। গত ২০২৪ সালের ৩০ ডিসেম্বর আচার্য সদনে বিজেপি বিধায়কদের নিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যোগ্য ও অযোগ্যদের যাতে আলাদা করে দেওয়া হয়, সেই দাবি জানিয়ে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেদিনের সেই বৈঠকের ভিডিও এক্স পোস্টে শেয়ার করেন শুভেন্দু।

পোস্টে শুভেন্দু লেখেন, "৫ মে ২০২২ তারিখে এই দুর্নীতিগ্রস্ত সরকারের ক্যাবিনেট অযোগ্যদের বাঁচানোর জন্য বেআইনিভাবে সুপারনিউমেরারি পোষ্ট তৈরি করেছিল। বিরোধী দল হিসেবে বিজেপি বিধায়কদের প্রতিনিধি দলকে সাথে নিয়ে এসএসসি ভবনে আমি নিজেও এই বিষয়ে সঠিকভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে দেওয়ার দাবী জানিয়েছিলাম।"
শুভেন্দুর কথায়, যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা আলাদা করে মহামান্য আদালতকে জমা দেওয়ার কথা এসএসসিকে জানিয়ে এসেছিলেন তিনি। নাহলে যে অযোগ্যদের জন্য যোগ্যরা বিপদে পড়বেন ও তাদের পরিবারগুলি ভেসে যাবে ও সামাজিক সম্মান নষ্ট হবে, সে কথাও আগেভাগেই এসএসসিকে জানিয়ে সতর্ক করে এসেছিলেন বিরোধী দলনেতা।
যদিও বারবার সময় পাওয়া সত্ত্বেও চাল ও কাঁকর আলাদা করেনি এসএসসি। তারই খেসারত আজ দিতে হল যোগ্য চাকরিপ্রার্থীদেরও। শুভেন্দু লেখেন, " মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য কলকাতা উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ বহাল রাখল। অর্থের বিনিময়ে চাকুরিরত অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হল। এর সম্পূর্ণ দায়ভার মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির। অবিলম্বে মমতা ব্যনার্জির পদত্যাগ ও গ্রেফতারের দাবি করছি।"
আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচিও এদিন ফেসবুক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান। তিনি লেখেন, "সবার চাকরি খেল কে? চোর মমতা আবার কে। যোগ্য যাদের চাকরি গেল। এবার সবাই কালীঘাট চলো।" শাসকদলের বিরুদ্ধে পথে নামার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও।












Click it and Unblock the Notifications