Sukanta Majumdar: ‘চোখ উপড়ে ফেলুন’, তৃণমূল সাংসদের মন্তব্যের পাল্টা জবাব সুকান্তের
Sukanta Majumdar: ওয়াকফ আইন নিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad! এই আবহে ফের উস্কানিমুলক মন্তব্য। এবার 'চোখ তুলে নেওয়া, হাত-পা ভেঙে দেওয়ার নিদান মথুরাপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ বাপি হালদারের (Bapi Halder)। ভরা জনসভায় তিনি বললেন, "কেউ ওয়াকফ সম্পত্তির দিকে তাকালে, চোখ তুলে নেওয়ার পাশাপাশি হাত পা ভেঙে দেওয়া হবে।" তাঁর এমন মন্তব্যে শোরগোল রাজনৈতিক মহলে। তাঁর মন্তব্যকে নিশানা করে সরব হয়েছে বিজেপি, সিপিএম-সহ বিরোধীরা।
বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukant Majumder) সোমবার এই ঘটনার তীব্র নিন্দা করে বাপি হালদারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সংশোধিত আইনের প্রতিবাদে রবিবার মথুরাপুরের লালপুরে একটি সভার ডাক দেয় তৃণমূল। সেখানেই সাংসদ বাপি বলেন, "ওয়াকফ একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ তুলে নেবেন! হাত-পা ভেঙে দেবেন!"

গত মঙ্গলবার থেকে মুর্শিদাবাদের একাংশে অশান্তি ছড়িয়ে পড়ে। সংশোধনী ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি থেকে জঙ্গিপুরে অশান্তি ছড়াতে থাকে। ক্রমে সেই আঁচ ছড়িয়ে পড়ে সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ এবং ফরাক্কা থানার কিছু এলাকায়। ঘটনায় কমপক্ষে তিনজন মারা গিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে সোমবার জেলার কোথাও থেকে নতুন কোনও ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, সংঘর্ষে কমপক্ষে ১৮ জন পুলিশ কর্মী আহত হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে রবিবার সুকান্ত মজুমদার জানান, 'আমি সোমবার মালদহ যাবো, কিছুক্ষণের মধ্যেই রওনা দেব। পারলালপুরে যারা রয়েছেন, তাদের সঙ্গে দেখা করব। তবে মালদহ গেলেও মুর্শিদাবাদ এখন যাবো না। ওটা অশান্তি বিধ্বস্ত এলাকা। পরিস্থিতি ঠান্ডা হলে সেখানে অবশ্যই যাব।'
সোমবার মুর্শিদাবাদে বিক্ষোভকারীদের সুকান্ত মজুমদার "ধর্মান্ধ, মৌলবাদী জিহাদি গোষ্ঠী" বলে অভিহিত করেন। যারা ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের অজুহাতে হিন্দুদের অস্তিত্বের চিহ্ন মুছে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বলে তাঁর অভিযোগ। তিনি আরও অভিযোগ করেন, তারা "এমনকি বিএসএফ জওয়ানদের উপর পেট্রোল বোমা ছুঁড়ে মারছে , কে তাদের সরাসরি সমর্থন করছে? এই তৃণমূল কংগ্রেস সাংসদ তা একেবারে স্পষ্ট করে দিচ্ছেন!"
সুকান্ত মজুমদার একটি পোস্টে তৃণমূল কংগ্রেসের সাংসদের সেই ভিডিওটি শেয়ার করে লিখেছেন, "মথুরাপুর আসনের তৃণমূল কংগ্রেসের এমপি বাপি হালদার একটি ভয়াবহ হুমকি দিয়েছেন। চোখ উপড়ে ফেলা এবং হাত-পা ভেঙে ফেলা! এই মৌলবাদীদের দ্বারা মুর্শিদাবাদের অসহায়, নিরীহ হিন্দুদের উপর সরাসরি নৃশংস নির্যাতন ও সহিংসতা প্ররোচিত করার জন্য পঙ্গু, কাপুরুষ পশ্চিমবঙ্গের পুলিশ কী ব্যবস্থা নিয়েছে?"
পুলিশ সূত্রে খবর, বর্তমানে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শনিবার বিকেল পর্যন্ত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভের পর মোট ১৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিস্তীর্ণ অংশে এখনও ইন্টারনেট পরিষেবা বন্ধ। সঙ্গেই জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। বেআইনি জমায়েতের অভিযোগে বেশ কিছু এলাকা থেকে রবিবার কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। সঙ্গে 'গুজবে কান না দেওয়ার' বার্তাও দেওয়া হয়। তবে কেউ কোনও সমস্যায় পড়লে অবিলম্বে পুলিশকে খবর দেওয়ার কথাও বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।












Click it and Unblock the Notifications