শোভন কলকাতার মেয়র পদপ্রার্থী! তাঁর বিজেপি-যোগের খবরে জল্পনার পারদ তুঙ্গে
কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তিনি। দলে ব্রাত্য হয়ে ছাড়তে হয়েছে মেয়র পদ। দীর্ঘ আট মাস সক্রিয় রাজনীতি থেকে তিনি বিরত।
কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তিনি। দলে ব্রাত্য হয়ে ছাড়তে হয়েছে মেয়র পদ। দীর্ঘ আট মাস সক্রিয় রাজনীতি থেকে তিনি বিরত। এবার তিনি বিজেপিতে ভিড়তে চলেছেন বলে মঙ্গলবার থেকে জোর জল্পনা শুরু হয়েছে। একইসঙ্গে জল্পনা চলছে, তাঁকেই এবার বিজেপি মেয়র পদপ্রার্থী করতে পারে। এখন দেখার তিনি বুধবার বিজেপিতে যোগ দেন কি না।

বুধবারই শোভন-বৈশাখীর বিজেপি যোগ!
রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে, বুধবারই শোভন-বৈশাখী যোগ দিচ্ছেন বিজেপিতে। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় রাতের বিমানেই দিল্লি রওনা হয়ে গিয়েছেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, শোভনের ব্যাপারে ক্লিনচিট দিয়েছে কেন্রী্লয় নেতৃত্ব। তারপরই সবুজ সংকেত পেয়ে তাঁকে দলে নেওয়া হচ্ছে। একইসঙ্গে বৈশাখীকে নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

কলকাতা পুরসভা ভোটের আগে জল্পনায় শোভন
বিশেষ সূত্রের খবর, এদিনই বিজেপিতে যোগ দিতে পারেন তাঁরা। আর তা যদি হয়, কলকাতা পুরসভার ভোটের আগে তা হবে তৃণমূলের কাছে বড় আঘাত। লোকসভা ভোটের নিরিখে ৫০টি ওয়ার্ডে পিছিয়ে আছে তৃণমূল। তারপর শোভন বিজেপিতে ভিড়ে যাওয়া মানে তৃণমূলের বড় ক্ষতি। এখন দেখার তৃণমূল কীভাবে হ্যান্ডেল করে বিষয়টিকে।

তৃণমূলের সঙ্গে দূরত্ব আরও বৃদ্ধি
শোভন চট্টোপাধ্যায় যেনতেন প্রকারে সক্রিয় রাজনীতিতে ফেরাতে চেষ্টার কসুর করেনি তৃণমূল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শোভন-বৈশাখী সেই পদ্ম শিবিরের দিকে ঢলে পড়লেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ফোনের পরও বরফ গলল না। বিধানসভার ফিশারি স্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করে তৃণমূলকে চরম বার্তা দিয়ে দিলেন তিনি।

মাস দেড়েক পর শোভন ফের জল্পনায়
এর আগেও একাধিকবার তাঁকে নিয়ে নানা রটনা হয়েছে। লোকসভা ভোটের আগে শোভন-বৈশাখীকে প্রার্থী করা হতে পারে বিজেপিতে, এমন খবর রটেছিল। তারপর লোকসভা ভোটের পরই যখন তৃণমূল ছাড়ার হিড়িক চলছে, তখন তাদের দিল্লি যাত্রাও সেই সম্ভাবনা তৈরি করেছিল। ২ জুলাইয়ের পর আবার তাঁদের দিল্লি যাত্রা ও বিজেপি যোগ নিয়ে চলছে জল্পনা।












Click it and Unblock the Notifications