দুর্গাপুজোর মঞ্চ থেকে বাংলায় ‘পরিবর্তন’ এর ডাক শাহের, ফিরুক সোনার বাংলার গৌরব, কটাক্ষ অভিষেকের
কলকাতায় দুর্গাপুজোর মঞ্চ থেকে ফের বাংলায় 'পরিবর্তন' এর আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো প্যান্ডেলে হাজির হন, যেখানে লেজার শো-র মাধ্যমে তুলে ধরা হয়েছে 'অপারেশন সিঁদুর'। সেখান থেকেই তিনি বাংলাকে নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী রাজ্য হিসেবে গড়ে তোলার ডাক দেন।
এছাড়াও এদিন পুজো উদ্বোধনে বেরোনোর আগে হোটেলে রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন শাহ। সেই বৈঠকে ছিলেন বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ।

অমিত শাহ এদিন শিক্ষাবিদ ও সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে তিনি কালীঘাট মন্দিরে পুজো দেন পাশাপাশি সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে আরেকটি দুর্গাপুজো প্যান্ডেলের উদ্বোধন করেন।
সাম্প্রতিক বৃষ্টিজনিত দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতায় বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে শাহ বলেন, নিহতদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানাচ্ছেন।এ নিয়ে শাহকে পাল্টা জবাব দিয়েছেন অভিষেক। তিনি বলেন, ''চার ঘণ্টায় যদি ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়, কী করার থাকে? কিন্তু এখনকার অবস্থা দেখুন। কলকাতা যদি বানভাসী হয়ে থাকত, অমিত শাহ কি শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেন?''
তবে শাহর বক্তব্যে স্পষ্ট ছিল দুর্গোৎসবের আনন্দের মাঝেই তিনি বাংলার মানুষের কাছে রাজনৈতিক পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে চান। এ নিয়ে পাল্টা কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল। শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''আগে অমিত শাহকে বলুন, বাংলার পাওনা মেটাতে। ২ লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। ওঁরা সেই টাকা কবে ছাড়বেন? যদি অমিত শাহের মনে হয় যে তৃণমূল মিথ্যা কথা বলছে, তা হলে উনি কোনও তর্কসভায় আসুন।''
শাহ এদিন আশাবাদী হয়ে বলেন দুর্গোৎসব বাংলাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। পাশাপাশি রাজ্যের উন্নতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'বিকশিত ভারতের স্বপ্ন' পূরণ হবে।












Click it and Unblock the Notifications