করোনা লকডাউন! কল্যাণী ও বেলঘরিয়ায় দুঃস্থদের পাশে স্থানীয়রা, বরাহনগরে পাশে প্রাক্তন ফুটবলার
করোনা লকডাউন, কল্যাণী ও বেলঘরিয়ায় দুঃস্থদের পাশে স্থানীয়রা
লকডাউনের মেয়াদ আরও বাড়ল। বাংলা নববর্ষের সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণা করলেন আগামী ৩ মে পর্যন্ত সারাদেশে লকডাউন চলবে। দেশজুড়ে লাগাতার লকডাউন চলায় কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। দেখা দিয়েছে গভীর খাদ্য সংকট। বিশেষ করে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের অবস্থা আরও সঙ্গীন। হাবু খেলা দেখিয়ে, অন্যের কান পরিষ্কার করে কোনরকমে রুজি-রুটি চলে নদিয়ার চাকদা ব্লকের তাঁতিগাছি সর্দার পাড়ার বাসিন্দাদের। লকডাউনের জেরে বেরোতে না পারায় কাজ বন্ধ হয়ে গিয়েছে। বাড়ির বাচ্চাদের মুখে পর্যন্ত খাবার তুলে দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এইসব হতদরিদ্র মানুষের পাশে এসে দাড়ালো একটি স্বেচ্ছাসেবী সংগঠন। চাল, আলু, মুড়ি, সোয়াবিন তুলে দেওয়া হলো তাঁদের হাতে।

কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সমাজসেবী কার্তিক ব্যানার্জির উদ্যোগে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এসব মানুষদের হাতে। উপস্থিত ছিলেন স্থানীয় যুবক নবজিৎ, বিমলরা। এই কঠিন সময়ে খাদ্য সামগ্রী দিয়ে খুশি সর্দার পাড়ার বাসিন্দারা।

অন্যদিকে লকডাউন পরিস্থিতিতে পিছিয়ে নেই বেশ কিছু আবাসনের বাসিন্দারা । এই সব আবাসনে থাকেন অনেক পরিবার । করোনা মোকাবিলায় এই সব পরিবার এক সঙ্গে এক পরিবার হয়ে সংঘবদ্ধভাবে দুঃস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন । এমনই বেলঘড়িয়ার আনন্দলোক অ্যাপার্টমেন্টের আনন্দলোক পরিবার ৯৩ জন দুঃস্থ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল । বেলঘড়িয়া থানার পুলিশ, কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা ও স্থানীয় পৌরপিতা সুব্রত চ্যাটার্জী ও আনন্দলোক পরিবারের পক্ষে সাংবাদিক বিপ্লব চৌধুরী ও আনন্দলোক পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই কর্মসূচি সূষ্ঠভাবে সম্পন্ন হয় ।
দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ফুটবলার তথা বাংলা ও জর্জ টেলিগ্রাফ ফুটবলটিমের কোচ রঞ্জন ভট্টাচার্যও। বরাহনগর পুরসভা এলাকায় প্রায় ৩০০ পরিবারের হাতে তিনি ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন। তিনি বরাহনগরের আলমবাজারের বাসিন্দা।












Click it and Unblock the Notifications