ধেয়ে আসছে কালবৈশাখী, বিকেলের পরেই তাণ্ডব! শিয়ালদহ-হাওড়ায় সব লোকাল চলবে তো? রইল বড় আপডেট
Sealdah Howrah Division Train Update: ধেয়ে আসছে কালবৈশাখী (kalbaisakhi) ! বেলাগড়াতেই কালো মেঘে ঢাকল শহর এবং শহরতলির আকাশ। একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও আকাশ কালো করে এসেছে। যা খবর, ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে ইতিমধ্যে আলিপুর হাওয়া অফিসের তরফে। শুধু তাই নয়, বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস নেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে।
মরশুমের প্রথম কালবৈশাখীর পূর্বাভাস। যার ফলে শহর এবং শহরতলির ট্রেন পরিষেবায় ব্যাপক বিঘ্ন ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্তত অভিজ্ঞতা থেকে এবার একাধিক ব্যবস্থা আগাম নিতে চলেছে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশন। বিশেষ করে প্রবল গতিতে ঝোড়ো হাওয়ার ফলে রেলের ট্র্যাকে গাছ পড়ে যাওয়া, ওভারহেড তার ছিঁড়ে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে।

এমনকী কয়েকটি জায়গায় লাইনে জল জমে যাওয়ার আশঙ্কাও থাকে। আর সেদিকে তাকিয়ে অফিস ফেরত যাত্রী কিংবা সাধারণ যাত্রীরা যাতে কোনও সমস্যা না হয় সেজন্য আগাম ব্যবস্থা নিয়ে নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে যে সমস্ত জায়গায় ওভারহেড পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিংবা পরিকাঠামো দুর্বল সেই সমস্ত জায়গায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।
প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে যাতে কোনও ভাবে সংযোগ বিচ্ছিন্ন না হয়ে যায় সেজন্য ইতিমধ্যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিগন্যাল কেবল মেরামতির কাজও দ্রুত করা হচ্ছে। পাশাপাশি রিলে রুমগুলোকে বজ্র-প্রতিরোধী করা হচ্ছে বলেও জানিয়েছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত। শুধু তাই নয়, ব্যাক-আপ হিসেবে প্রতি স্টেশন ও কন্ট্রোল রুমে থাকছে জেনারেটর। হঠাত যদি ঝড়ে বিদ্যুৎ সংযোগ চলে যায় তাহলে যাতে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় সেজন্যেই এই বাড়তি ব্যবস্থা বলে খবর।
এখানেই শেষ নয়, গার্ড এবং লোকো পাইলটদেরও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্পষ্ট জানানো হয়েছে, ঝড়ের সময় ট্রেনের গতি যাতে কমিয়ে চালানো হয় তা মাথায় রাখতে হবে। নিরাপত্তার স্বার্থেই এহেন ব্যবস্থা বলে খবর। এছাড়াও যে সমস্ত লাইনে জল জমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সেখানে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এমনকী একগুচ্ছ ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলেও খবর।
এখানেই শেষ নয়, কালবৈশাখীর ভয়ঙ্কর দাপটে রেল ট্র্যাকের ধারের গাছগুলি পড়ে যাওয়ার জোর সম্ভাবনা থাকে। বিশেষ করে ওভারহেডের তারে গাছ ছিঁড়ে পড়ার সম্ভাবনা অনেক থাকে। সেদিকেও রেলের তরফে বাড়তি নজর রাখা হচ্ছে। বিশেষ করে গত কয়েকদিন ধরেই লাইনের পাসে থাকা গাছগুলির ডালগুলিকে ছাঁটা হচ্ছে রেলের তরফে।












Click it and Unblock the Notifications