দুয়ারে রেশনের সাথেই মিলছে 'উন্নয়নের পাঁচালি'! বই বিলি ঘিরে শুরু রাজনৈতিক তরজা
২৬-এর বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়। আর বিধানসভা ভোটের আগেই রাজ্য সরকারের গত সাড়ে ১৪ বছরের কাজের হিসেব তুলে ধরতে প্রকাশ করা হয়েছে 'উন্নয়নের পাঁচালি' নামে একটি বই। আর রেশন তুলতে গেলেই সেই বই এখন হাতে পাচ্ছেন উপভোক্তারা। জলপাইগুড়িতে দুয়ারে রেশন শিবিরে এই বই বিলির ছবি সামনে এসেছে। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।

জানা গিয়েছে যে, রেশন ডিলারদেরই এই বই বিলি করতে বলা হয়েছে। যে সমস্ত মানুষ রেশন নিতে আসবেন তাদের প্রত্যেকের হাতেই তুলে দেওয়া হচ্ছে এই বইটি। গরালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা গেছে এরকম দৃশ্য। উপভোক্তাদের মধ্যে অনেকেই বলছেন যে, এই বইটি পড়ার পরে সরকার ঠিক কী কী প্রকল্প চালু করেছে এবং কীভাবে সেই সুবিধা পাওয়া যাবে, তার সমস্তটাই জানা যাবে।
রেশন ডিলারদের একাংশ জানিয়েছেন যে, নির্দেশ মতোই যাঁরা রেশন নিতে আসছে তাঁদের সবাইকে বই বিলি করছেন। এতে তাঁদের আলাদা করে কোনও অসুবিধা নেই।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি যে, সরকার এবং দলকে এক করে দেখা হচ্ছে। অন্যদিকে আবার বিরোধীদের আক্রমণের জবাব দিয়ে তৃণমূলের জেলা কমিটির সদস্য তপন বন্দ্যোপাধ্যায় বলেন যে, সরকারের উন্নয়নের খতিয়ান মানুষের কাছে পৌঁছে দেওয়ার মধ্যে দোষের কিছু নেই। বিরোধীরা অকারণে সমস্যার সৃষ্টি করছেন বলেও জানিয়েছে তপন বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications