বিনা টিকিটের যাত্রীকে ট্রেন থেকে ফেলল টিটিই, রণক্ষেত্র বাগনান

স্থানীয় সূত্রে খবর, গতকাল সাঁতরাগাছি থেকে আপ হাওড়া-মেদিনীপুর লোকালে উঠেছিলেন ২২ বছরের অর্পিতা সামন্ত। বাগনানের কাছে ওঠেন একদল টিকিট পরীক্ষক। রণদীপ কউর নামে এক মহিলা টিটিই এ সময় অর্পিতাদেবীর কাছে টিকিট চান। কিন্তু তিনি বিনা টিকিটে ট্রেনে চেপেছিলেন। এ নিয়ে বচসা শুরু হলে রণদীপ কউর তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করতে যান বলে অভিযোগ। তিনি বাধা দিতে গেলে ওই মহিলা টিটিই তাঁকে ট্রেন থেকে ঠেলে ফেলে দেন বলে অভিযোগ।
এর পর বাগনান স্টেশনে ট্রেন ঢুকতেই ক্ষিপ্ত যাত্রীরা তাণ্ডব শুরু করেন। রণদীপ কউরকে প্ল্যাটফর্মে নামিয়ে আনা হয়। বেধড়ক কিল, ঘুষি, চড় মারা হয়। তাঁর কাপড় ছিঁড়ে দেওয়া হয়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে জিআরপি ফাঁড়িতে নিয়ে গেলে জনতা পিছু ধাওয়া করে। ফাঁড়িতে ভাঙচুর চলে। রেল অবরোধ শুরু হয়। হাওড়াগামী ডাউন সত্যসাঁই এক্সপ্রেস বাগনান স্টেশনে দাঁড়িয়ে পড়লে তার এসি কামরা লক্ষ্য করে পাথর ছোড়া হয়। দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত চলে অবরোধ। সত্যসাঁই এক্সপ্রেস ছাড়াও আটকে পড়ে হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-দীঘা কাণ্ডারী এক্সপ্রেস। শেষে বিরাট পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেয়।
দক্ষিণ পূর্ব রেলের চিফ পাবলিক রিলেশন্স অফিসার সৌমিত্র মজুমদার বলেছেন, "কেউ ওই মহিলাকে ধাক্কা দেননি। উনি নিজেই চেকার দেখে ভয়ে ঝাঁপ দেন। গুজবের ভিত্তিতে তাণ্ডব চালিয়েছে যাত্রীরা।"












Click it and Unblock the Notifications