আদালতে পার্থর মুখে শুভেন্দুর নাম, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী কী বিস্ফোরক অভিযোগ করলেন?
নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বিস্ফোরক অভিযোগ করলেন পার্থ চট্টোপাধ্যায়। আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করার সময় শুভেন্দু অদিকারীর নাম করেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যাঁরা বড় বড় কথা বলছেন সেই শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী এবং দিলীপ ঘোষ কেউ দুর্নীতির বাইরে নন। ২০০৯-২০১০ সালে উত্তরবঙ্গে কী করেছেন সেটা তাঁরা ভুলে গিয়েছেন। ক্যাগ রিপোর্ট খতিয়ে দেখলেই সবটা বেরিয়ে আসবে।

পার্থর মুখে শুভেন্দুর নাম
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মুখে এবার শুভেন্দুর নাম। প্রাক্তন সতীর্থ যে কোনও অংশেই দুর্নীতির বাইরে নয় তা এদিন স্পষ্ট করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আলিপুর আদালতে পেশ করার আগে পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন, শুভেন্দু, সুজন, দিলীপ যাঁরা এখন বড় বড় কথা বলছেন তাঁরা কেউ কিন্তু সাধু নন।

কী অভিযোগ করলেন পার্থ
পার্থ চট্টোপাধ্যায় একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন আদালতে ঢোকার মুখে। পার্থর এই বিস্ফোরক মন্তব্য থমকে থাকা জলে যেন ঢিল ছোড়ার কাজ করেছে। আদালতে প্রবেশ করার মুখে গাড়ি থেকে নেমেই সাংবাদিকদের সামনে যাকে বলে বোমা ফাটিয়েছেন তিনি। সপাটে শুভেন্দু অধিকারীর নাম করে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, 'শুভেন্দু, দিলীপ, সুজন বাবুরা যে বড় বড় কথা বলছেন তাঁরা উত্তরবঙ্গে কী করেছেন খবর নিন। মস্ত জায়গায় তদ্বির করেছেন। আমি তাঁদের বলেছি করতে পারব না। আমি নিয়োগ কর্তা নই। এ ব্যাপারে সাহায্য তো দূরের কথা, কোনও বেআইনি কাজ করতে পারব না।'

শুভেন্দুর বিরুদ্ধে কী অভিযোগ
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ বলেছেন, 'শুভেন্দু অধিকারী ২০১১-১২ সালে কী করেছিল দেখুন না। ডিপিএসসি-তে কী করেছিল দেখুন না।' সেসময় তৃণমূল কংগ্রেসেই ছিলেন শুভেন্দু অধিকারী এবং কাঁথির দাপুটে নেতা ছিলেন তিনি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। তারপর থেকে শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী।

দায় এড়ালেন দিলীপ
পার্থ চট্টোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ শোনার পর বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এক প্রকার সব দায় ঝেড়ে ফেলে দিয়েছেন। তিনি পাল্টা দাবি করেছেন, '২০১১-১২ সালে তিনি রাজনীতিতে ছিলেন না, পার্থ চট্টোপাধ্যায়কেও চিনতেন না।' এক কথায় দুর্নীতির দায় সম্পূর্ণ ঝেড়ে ফেলেছেন তিনি। আর বাম নেতা সুজন চক্রবর্তী দাবি করেছেন, দল সঙ্গ ছেড়ে দিয়েছে দেখেই এই সব উল্টোপাল্টা কথা বলছেন পার্থ চট্টোপাধ্যায়। এদিকে আজ আদালতে ঢোকার মুখে একদিকে যখন পার্থ চট্টোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করেছেন তেমনই তাঁকে দেখে চোর চোর স্লোগান উঠেছে।












Click it and Unblock the Notifications