শোভন চট্টোপাধ্যায় কবে তৃণমূলে যোগ দিচ্ছেন, তাৎপর্যপূর্ণ মন্তব্যে জল্পনা বাড়ালেন পার্থ চট্টোপাধ্যায়
শোভন কবে তৃণমূলে যোগ দিচ্ছেন, তাৎপর্যপূর্ণ মন্তব্যে জল্পনা বাড়ালেন পার্থ চট্টোপাধ্যায়
তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মাস খানেক আগে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে এক প্রশ্নের উত্তরে তাৎপর্যপূর্ণ দাবি করেছিলেন। মঙ্গলবার বৈশাখীর সঙ্গে দেড়ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর ফের সেই জল্পনার পারদই আরও একবার বেড়ে গেল। এবার পার্থ মন্তব্য করলেন শোভনের তৃণমূলে ফেরার দিনক্ষণ নিয়ে।

ফের পার্থর ইঙ্গিতবাহী মন্তব্য
পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, শোভন কবে তৃণমূলে ফিরবেন, তা তিনিই জানেন। আর জানে দল। তাঁর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরই শোভনের তৃণমূলে ফেরার জল্পনা ফের শুরু হয়ে যায়। সম্প্রতি পুরসভা ভোটের আগে তাঁকে সামনে আনার তোড়জোড় শুরু করেছে বিজেপি। শোভনকে নিয়ে বিজেপির উৎসাহের আবহকে আরও একটু উসকে দিলেন তিনি।

আগেও শোভনকে নিয়ে পার্থর মন্তব্যে জল্পনা
এর আগে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এক প্রশ্নের উত্তরে শোভনকে নিয়ে বলেন, শোভন যে দল ছেড়েছে, তা তিনি এখনও লিখিতভাবে জানাননি। তাই আমরা ধরে নিচ্ছি, শোভন তৃণমূলেই আছেন। এখন দেখুন তিনি কবে সক্রিয় হন। এদিন তিনি বললেন, শোভন কবে ফেরেন তৃণমূল, তা তিনিই জানেন।

শোভনকে নিয়ে তোড়জোড় শুরু হতেই
খোদ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় শোভনকে নিয়ে পরপর এ ধরনের মন্তব্য করায় জল্পনার পারদ চড়বে, এটাই স্বাভাবিক। তাঁর মন্তব্য অবশ্য ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে। শোভন ভাইফোঁটার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার পরই বিজেপি কার্যত হাল ছেড়ে দিয়েছিল। পুরসভা ভোটের আগে তারা যখন শোভনকে নিয়ে তোড়জোড় শুরু করেছে, তখনই আগ্রহে জল ঢেলে দিলেন পার্থ।

পাঁচমাসেও বিজেপিতে সক্রিয় হননি শোভন
উল্লেখ্য, শোভন পাঁচমাস আগে বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু তিনি সক্রিয় হননি। বরং দিন দিন বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন। বিজেপিতে গিয়েও তিনি অন্তরালে থেকেছেন। এদিন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের দেড় ঘণ্টার বৈঠক তাঁর তৃণমূলে ফেরার জল্পনা ফের বাড়িয়ে তুলল।












Click it and Unblock the Notifications