Panchayat Election Results 2023: মমতার মামার বাড়ির বুথে জিতল বিজেপি, জয়ী অর্চনা কি তৃণমূলে যাবেন?
Panchayat Election Results 2023: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলায় জেলায় তৃণমূলের জয়জয়কার। বিরোধীরা একসুরে বলছে, ভোট নয়, হয়েছে প্রহসন। সবুজ আবিরের দাপটে ম্লান গেরুয়া বা লাল আবির।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাবাড়ির বুথেই ধরাশায়ী হলো তৃণমূল কংগ্রেস। ছোটবেলায় বীরভূমের কুসুম্বা গ্রামে অনেকটা সময় কাটিয়েছেন মমতা। জনজোয়ার কর্মসূচির ফাঁকে সেই বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতার মাতুলালয়ের এলাকা মুখ ফেরাল তৃণমূলের থেকে। কুসুম্বা গ্রাম পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে ভোট দেয় মমতার মামা অনিল মুখোপাধ্যায়ের পরিবার। সেখানে বিজেপির প্রার্থী ছিলেন অর্চনা হাজরা। তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন সাথী লেট।
এই বুথ থেকে জয়লাভ করেছেন অর্চনা। তিনি বলেন, তৃণমূলের দুর্নীতির কথাই মানুষের কাছে তুলে ধরেছিলাম। সে কারণে মানুষ আমাদের আশীর্বাদ করলেন। মমতার মামাবাড়ির এলাকা থেকে জিতেছি, ভালো লাগছে। অর্চনা আরও জানিয়েছেন, তিনি জেতার পর কোনওমতেই তৃণমূলে যাবেন না।

একই কথা তাঁর স্বামী তথা এই গ্রামের ৩২ নম্বর বুথ থেকে জয়ী বিজেপি প্রার্থী গঙ্গাধর হাজরার। তিনি হারালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম লেটকে। ২৯ নম্বর সংসদে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আদিত্য দত্ত। গঙ্গাধর বলেন, আমিও তৃণমূলে যাব না। মিথ্যা অভিযোগে ওরা আমাকে জেল খাটিয়েছিল। মানুষের জন্য কাজ করতে চাই।
এই দুই জয়ী প্রার্থী তাঁদের দলত্যাগ না করার কথায় অবিচল থাকতে পারবেন কিনা তা বলবে সময়। কিন্তু যেহেতু মমতার মামাবাড়ির বুথ, ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বাড়িতে যাওয়াও যে এলাকাবাসীর মনে দাগ কাটতে পারল না সেটা তার প্রমাণ। তার উপর এই এলাকাটি অনুব্রত মণ্ডলের বীরভূমেই।












Click it and Unblock the Notifications