Panchayat Election 2023: মমতা-অভিষেককে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মতো পালাতে হবে, হুঁশিয়ারি শুভেন্দুর
Panchayat Election 2023: দমন-পীড়ন করে লাভ হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মতো পালাতে হবে। আজ এ কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যপালের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করে শুভেন্দু অধিকারী তাঁর দিল্লি সফরকে আমল দেননি। বলেন, উনি পিসরুম খুলেছেন, বিভিন্ন জায়গায় ঘুরেছেন। কিন্তু লক্ষাধিক অভিযোগের নিষ্পত্তি করতে পারেননি। আমরা ফল চাই।

রাজ্যের যে ৬৯৭টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে তার মধ্যে বেশিরভাগেরই তালিকা ক্যামাক স্ট্রিটের অফিস থেকে আইপ্যাক তৈরি করে দিয়েছে বলে দাবি করে শুভেন্দু বলেন, বাংলার মানুষকে শোষণ করে আইপ্যাকের টাকা মেটান ভাইপো। সব মুসলিম খারাপ নন। কিন্তু কিছু মুসলিম দুষ্কৃতী পাঠিয়ে তৃণমূল যে বুথগুলিতে ভোট লুঠ করেছিল তার অনেকগুলি ক্ষেত্রে আমাদের পরামর্শে স্থানীয় মানুষ ব্যালট বাক্স পুকুরে ফেলেন বা জল ঢেলে দেন।
আড়াইশোর উপর এমন বুথে ভোট করতেই হতো। ময়না-সহ বাকি যে জায়গাগুলিতে ভোট হচ্ছে, সেখানে বিজেপিই জিতবে বলে দাবি শুভেন্দুর। তিনি বলেন, ময়নার প্রাক্তন বিধায়ক চিকিৎসক থেকে গুন্ডা হয়েছেন। ভাইপো অবধি পৌঁছতে না পেরে পিএকে ফোন করেন। সব তথ্য আছে। তাঁর কথায় উপনির্বাচন দিয়েছে। প্রতি বুথে ৫০০ বুথে বিজেপি জিতবে।
ময়না থেকে জেলা পরিষদ প্রার্থী ৮ হাজারের বেশি ভোটে জিতবেন বলেও দাবি শুভেন্দুর। তিনি বলেন, তমলুক, মহিষাদল, নন্দকুমারে জনরোষের ছবি দেখা গিয়েছে। জনজাগরণ হয়েছে। পথ দেখাবে বিপ্লবের জেলা মেদিনীপুর। শুভেন্দু আরও বলেন, আমাকে, আমাদের দলের মন্ত্রী, বিধায়কদের বুথের বাইরে যাওয়া নিষেধ। ওদের বিধায়ক, নেতারা ঘুরেছেন অবাধে, দু-রকম নিয়ম।

সৈয়দ আবদুস সামাদ নামে তৃণমূলের নেতার কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, বিরাট নেতা। যাঁর ছাতা নেই, জুতো নেই, ছেলেকে আমি কারখানায় কাজ জোগাড় করে দিয়েছিলাম তিনিও তিনজন নিরাপত্তারক্ষী পান। শুভেন্দু এদিন দাবি করেন, বিডিওরা আমাদের সঙ্গে আছেন। কাউন্টিং এজেন্টদের কী বলা হচ্ছে তা আমাদের কাছে চলে আসছে। কেউ মমতার জন্য চাকরি হারাতে চান না।
রাজ্যের বিরোধী দলনেতা বলেন, আদালতে কমিশন বলেছিল ৯৫ শতাংশ বুথে সিসিটিভি ও বাকিগুলিতে ভিডিওগ্রাফি থাকবে। সিসিটিভির মুখ ঘুরিয়ে রেখে ছাপ্পা করার সুযোগ করে দেওয়া হয়েছে ১৮-২০ হাজার বুথে। কোথাও শুরুতে থাকলেও শেষে বাক্স সিলের সময় প্রার্থী, এজেন্টের সই নেই। শতাধিক ব্যালটে এক ব্যক্তির আঙুলের ছাপ রয়েছে। এই বুথগুলিতে ভোট করতেই হবে।
শুভেন্দুর কথায়, সাড়ে তিনশো ব্লক থেকে তথ্য জোগাড় সহজ নয়। তবু গতকাল দুপুরে বিজেপি সাড়ে ৬ হাজার এমন বুথের তালিকা দিয়েছিল। একটি জায়গাতেও পুনর্নির্বাচন দেয়নি। আমরা এক হাজারের বেশি ভিডিও ফুটেজ পেয়েছি। কাল আদালতে সব তথ্য পেশ করব। সব আসনে নয়। যে জায়গায় ছাপ্পা হয়েছে সেখানে ভোট করতেই হবে।
তৃণমূলের যে দুষ্কৃতীরা আজ অশান্তি পাকাতে গিয়েছে তাদের উপর বাহিনী লাঠ্যৌষধি প্রয়োগ করেছে বলেও জানান শুভেন্দু। তৃণমূলকে কটাক্ষ করে ফান্দে পড়িয়া বগা কান্দে রে গানটিও শোনান বিরোধী দলনেতা।












Click it and Unblock the Notifications