প্রতিবেশীর ছোঁড়া কোঁচ ঢুকল গালে, তা ধরে নিয়ে রোগী সটান হাজির হাসপাতালে
দুই প্রতিবেশীর বিবাদে যে এতবড় ঘটনা ঘটে যাবে কল্পনাও করতে পারেনি বিশ্বজিৎ। সামান্য জমির বাঁধ (আল) নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছিলেন তিনি।
দুই প্রতিবেশীর বিবাদে যে এতবড় ঘটনা ঘটে যাবে কল্পনাও করতে পারেনি বিশ্বজিৎ। সামান্য জমির বাঁধ (আল) নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছিলেন তিনি। আচমকাই বচসা চলাকালীন প্রতিবেশী যুবক মাছ ধরার কোঁচ ছুঁড়ে দিলেন বিশ্বজিৎকে লক্ষ্য করে। সেই কোঁচ ঢুকে গেল গালে। তা নিয়েই সটান পায়ে হেঁটে হাসপাতালে হাজির তিনি।

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ ধরম পুকুরিয়া এলাকায়। গালে বিদ্ধ হয়ে রয়েছে কোঁচ। তা ধরে নিয়ে হাসপাতালে ঢুকছেন স্বয়ং রোগী। হাসপাতালের চিকিৎসক-নার্সরাও অবাক। অবাক অন্য রোগীরাও। শেষমেশ তাঁকে কলকাতার পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
প্রতিবেশী নিখিল মল্লিকের সঙ্গে বিশ্বজিৎ ঠিকাদারের গন্ডগোল দীর্ঘদিনের। এদিন সকালে বাড়ির সামনে দাঁত মাজছিলেন বিশ্বজিৎ। তখনই নিখিল ও তাঁর স্ত্রী কোঁচ ও দা দিয়ে হামলা চালান বিশ্বজিতের উপর। নিখিলের ছোঁড়া কোঁচ গেঁথে যায় বিশ্বজিতের গালে। সেই অবস্থানেই বনগাঁ হাসপাতালে আসেন।
এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আপাতত বিশ্বজিতের চিকিৎসা নিয়েই ব্যস্ত সবাই। বিশ্বজিৎ ফিরলেই তাঁর বয়ান রেকর্ড করবে পুলিশ। নিখিল ঘটনার পর থেকেই পলাতক। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications