Murshidabad: রাতভর তল্লাশি কেন্দ্রীয় বাহিনীর, গ্রেফতার বহু; রবির সকালেও থমথমে মুর্শিদাবাদ, টহল পুলিশেরও
Murshidabad: ওয়াকফ আইনের প্রতিবাদের নামে নৈরাজ্য। হিংসার আগুনে জ্বলছে মুর্শিদাবাদ। সরকারকে রাজধর্ম মনে করিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সূত্রের খবর, রাতভর মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এদিকে বিক্ষোভের বিভীষিকার মাঝে ভিটে ছেড়ে মালদহের দিকে আশ্রয় নিচ্ছেন হিন্দুরা। এক্স পোস্টে এমনই দাবি বিজেপির সুকান্ত মজুমদার, অমিত মালব্যদের।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় রবিবার সকাল ৯টা থেকে রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে টানা রুট মার্চের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। অতি স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে আধা সেনা মোতায়েন করা হয়েছে। সুতি ও সামশেরগঞ্জ থানায় জরুরি ভিত্তিতে আধা সেনা প্রস্তুত রাখা হয়েছে। অশান্ত এলাকাগুলিতে রাতভর টহলদারি জারি রেখেছে কেন্দ্রীয় বাহিনী। স্থানীয়দের সঙ্গে কথা বলে আশ্বস্তও করতে দেখা গেল বাহিনীকে।

মুর্শিদাবাদে হিংসার আগুনে সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ জনের। আজিমগঞ্জে রেলের সম্পত্তিও ধ্বংস বিক্ষোভকারীদের। উপড়ে ফেলে দেওয়া হয়েছে আস্ত রেলগেট। রেলের অফিস লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয়েছে। রেলের পাওয়ার রুম, রিলে রুমে ভাঙচুর ও জেনারেটর-সহ নানা গুরুত্বপূর্ণ যন্ত্রে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এনিয়ে এনআইএ তদন্ত দাবি করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
শনিবার সন্ধেতেই সামশেরগঞ্জে পৌঁছেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বাহিনীর পাশাপাশি ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জে রুটমার্চ করছে পুলিশও। শনিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ বহরমপুরে পৌঁছন রাজ্য পুলিশের ডিজি। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সূর্যপ্রতাপ যাদব ও জেলা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠকও সেরেছেন বলে খবর। এরপর পৌনে আটটা নাগাদ জঙ্গিপুরের উদ্দেশে রওনা দেন ডিজি। সূত্রের খবর, আধাসেনার মোতায়েন নিয়ে রাত ৯টা নাগাদ জঙ্গিপুরে বিএসএফের সঙ্গে বৈঠক হয়েছে রাজ্য পুলিশের।
জানা গিয়েছে, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও ডিজিপি রাজীব কুমারের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবও। অমিত শাহের দফতরের সচিব জানিয়েছেন, ধুলিয়ানে কমপক্ষে ৩০০ বিএসএফ মোতায়েন করা হয়েছে। রাজ্যকে সবরকম সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি। সূত্রের দাবি, রাজ্য প্রশাসনকেও কড়া মনোভাব নিতে অনুরোধ জানানো হয়েছে শাহের দফতরের তরফে।












Click it and Unblock the Notifications